ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির ১১ দফা পূরণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী তৎপরতা রোধে প্রশাসনিক পরিবহন নিরাপত্তা সেল গঠনসহ ১১ দফা পূরণের দাবি জানিয়েছে চট্টগ্রাম ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি। গতকাল শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। লিখিত বক্তব্যে সমিতির যুগ্ম আহ্বায়ক এম ইউসুফ বিন মজুমদার মানিক বলেন, মহাসড়কে খুন, পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই আশঙ্কাজনক হারে বেড়েছে। তিনি ১১ দফা তুলে ধরে বলেন, দাবি মানা না হলে তাঁরা পরিবহন খাত বন্ধ করতে বাধ্য হবেন। দাবিগুলোর অন্যতম হলো: মহাসড়কে চালক, চালকের সহকারীকে খুন করে গুম, পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যানে ছিনতাই, চাঁদাবাজি, পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যানে ডাকাতি বন্ধ করা ইত্যাদি। সম্মেলনে ইউসুফ বিন মজুমদার বলেন, আন্তজেলা ট্রাক ও কাভার্ড ভ্যান সমিতির কয়েকজন নেতা মহাসড়কে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির প্রধান পরামর্শক এম আজাদ দোভাষ, একই সংগঠনের আহ্বায়ক এম কিবরিয়া দোভাষ, সদস্য আল-আমিন ও এস এম জাহিদুল হক।