ট্রাক সরেছে, সড়ক চলার অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের রাস্তা থেকে ট্রাকগুলো সরাতে শুরু করেছেন ট্রাকমালিক-চালকেরা। এতে রাস্তা ফাঁকা হয়েছে। কিন্তু ট্রাক না থাকলেও বিশাল আকারের এই সড়কটি এখনো চলাচলের উপযোগী হয়নি। সে কারণে মানুষের চলাচলও সেভাবে শুরু হয়নি l মনিরুল আলম
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের রাস্তা থেকে ট্রাকগুলো সরাতে শুরু করেছেন ট্রাকমালিক-চালকেরা। এতে রাস্তা ফাঁকা হয়েছে। কিন্তু ট্রাক না থাকলেও বিশাল আকারের এই সড়কটি এখনো চলাচলের উপযোগী হয়নি। সে কারণে মানুষের চলাচলও সেভাবে শুরু হয়নি l মনিরুল আলম

তেজগাঁও ট্রাকস্ট্যান্ড দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ শুক্রবার। ইতিমধ্যে ট্রাকমালিকেরা সাতরাস্তা থেকে তেজগাঁও রেললাইন সড়ক পর্যন্ত অধিকাংশ ট্রাক সরিয়ে নিয়েছেন। তবে ট্রাক সরিয়ে নিলেও পুরো সড়ক এখনো যান চলাচলের উপযোগী হয়নি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, রেলের জমিতে গড়ে ওঠা ট্রাকস্ট্যান্ডের ভেতরের অর্ধশতাধিক অবৈধ দোকানপাটের অধিকাংশই ভেঙে ফেলা হয়েছে। ট্রাক মেরামতের গ্যারেজ, খাবারদাবারের দোকানগুলোর ভাঙা অংশ পড়ে আছে। গ্যারেজের যন্ত্রপাতি ত্রিপল দিয়ে ঢাকা। ট্রাকের যন্ত্রাংশ, অব্যবহৃত ও বাতিল জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান প্রথম আলোকে বলেন, ট্রাক টার্মিনালের ভেতরে অনেক জায়গা দখল হয়ে ছিল। এর প্রায় ৮০ শতাংশই সরিয়ে দেওয়া হয়েছে। সড়কে থাকা ট্রাক-কাভার্ড ভ্যানগুলোর কিছু টার্মিনালের ভেতরে এবং বাকিগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মাহমুদুর রহমান নিয়মিত এই পথে যাতায়াত করেন। তিনি বলেন, ‘আজকে এই রাস্তায় এসে তো আমি অবাক। রাতেও এক পাশে ট্রাক রাখা ছিল। রাস্তাটা কত চওড়া, তা ট্রাক সরানোয় বুঝলাম। ট্রাক না থাকলে এই রাস্তায় যানজটের প্রশ্নই আসে না। এখন কত দিন এমন পরিষ্কার থাকে, সেটাই দেখার।’
১ নভেম্বর থেকে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ে ডিএনসিসি ও ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির মধ্যে কথা হচ্ছে। সেদিন রেলপথমন্ত্রী মুজিবুল হক ও ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতাদের নিয়ে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকা পরিদর্শন করেছিলেন ডিএনসিসির মেয়র আনিসুল হক। তখন তিনি ৭ নভেম্বরের মধ্যে তেজগাঁওয়ে রেলওয়ের জায়গার অবৈধ স্থাপনা না সরালে ৮ নভেম্বর সেগুলো উচ্ছেদের ঘোষণা দেন। কিন্তু নির্ধারিত সময় শেষে ৮ নভেম্বর এসে তিনি দেখতে পান, কেউ সরেনি। সবকিছু আগের মতোই আছে। এরপর আবারও ২৭ নভেম্বর পর্যন্ত ট্রাক-কাভার্ড ভ্যান সরানোর জন্য মালিকদের সময় বেঁধে দেন মেয়র।
মালিক সমিতি আশ্বাস দিয়েছিল, নিজেরা সড়ক থেকে ট্রাক সরিয়ে নেবে ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে। কয়েক দিন আগেও স্ট্যান্ডের ভেতরে ৮০-১০০টি পুরোনো ট্রাক ছিল, যেগুলো কমপক্ষে ৭ থেকে ১০ বছর ধরে পড়ে ছিল। সেগুলো সরিয়ে নিতে সমিতির পক্ষ থেকে মালিকদের নোটিশ দেওয়া হয়। এখন এমন পুরোনো ট্রাক আছে ৩০-৩৫টির মতো।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামছুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন ২৯ তারিখ ট্রাকস্ট্যান্ড এলাকায় উচ্ছেদ চালাবে। সড়কটি যাতে পুনরায় ট্রাক-কাভার্ড ভ্যান দিয়ে দখল না হয়, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।