ট্রাকচাপায় প্রাণ গেল চালকের সহকারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় মো. সিদ্দিক (৩৪) নামের একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তিনি ওই ট্রাকেরই চালকের সহকারী ছিলেন।

চালককে ট্রাক পেছনে নেওয়ার নির্দেশনা দেওয়ার সময় চাকার নিচে পড়ে যান তিনি।
গতকাল শুক্রবার সকাল আটটার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইলে এ দুর্ঘটনা ঘটে। সিদ্দিক ঝিনাইদহের মহেশপুর উপজেলার আইয়ুব হোসেনের ছেলে।

সিদ্দিকের সহকর্মী আবদুল জলিল বলেন, ট্রাকটি নারায়ণগঞ্জ থেকে কাগজ বোঝাই করে মাতুয়াইল এলাকায় আসে। এ সময় ট্রাকটি পেছনের দিকে নেওয়ার সময় সিদ্দিক চালককে নির্দেশনা দিচ্ছিলেন। ওই সময় ট্রাকের চাকার নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, কয়েকজন গুরুতর আহত অবস্থায় সিদ্দিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


সিদ্দিকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।