ট্রাকচাপায় যুবক নিহত, স্লাবের চাপায় কিশোরের মৃত্যু
বাসা পাল্টানোর জন্য মালপত্র সরিয়ে নিতে ব্যস্ত ছিল ছাপাখানার কর্মী আরিফ হোসেন (১৬)। প্রতিবেশীর দেয়ালে হেলান দিয়ে রাখা ইট-পাথরের তৈরি একটি স্লাব হঠাৎই তার ওপর পড়ে। প্রাণ হারায় আরিফ। দুর্ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার দুপুরে যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায়। গত বুধবার মধ্যরাতে রাজধানীর গুলশানে একটি ট্রাকের চাপায় মাহবুবুল আলম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মাহবুবুল স্থানীয় রেস্তোরাঁয় নিরাপত্তাকর্মী ছিলেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মাহবুবুলের স্বজনেরা পুলিশের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনে নিয়ে গেছেন।আরিফের পারিবারিক সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে আরিফ ও তার ভাই আহাদ হোসেন বাসার মালপত্র নতুন বাসায় নিচ্ছিল। এ সময় এলাকার বাসিন্দা শামীমের বাড়ির সীমানাপ্রাচীরের সঙ্গে হেলান দিয়ে রাখা একটি স্লাবের সঙ্গে মালপত্রের ধাক্কা লাগলে সেটি দুই ভাইয়ের ওপর পড়ে। তাদের চিৎকারে শুনে স্বজনেরা ছুটে যান। তবে বাড়ির মালিক শামীম ও তাঁর ছেলেরা দুই ভাইকে উদ্ধার না করে উল্টো তাদের ধমকাতে থাকেন। স্থানীয় লোকজন আরিফ ও আহাদকে সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। আহাদকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালে মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা গরিব। মামলা করে আর কী হবে?’ তিনি লাশের ময়নাতদন্তও করাবেন না বলে জানান। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেন, স্বজনেরা অভিযোগ করলে মামলা নেওয়া হবে।