ট্রাকচালককে অজ্ঞান করে ১৬২ বস্তা চাল ছিনতাই
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে ট্রাকচালক আইমুদ্দিন প্রামাণিককে (৩০) অচেতন করে তাঁর ট্রাক থেকে ১৬২ বস্তা চাল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর গতকাল সন্ধ্যায় আইমুদ্দিনের জ্ঞান ফিরে আসে। এরপর তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। আইমুদ্দিন প্রথম আলোকে জানান, তিনি বুধবার রাতে বগুড়ার দুপচাঁচিয়ার প্রিয়জন রাইস থেকে ১৬২ বস্তা চাল ট্রাকে বোঝাই করে সহকারী মিলনকে নিয়ে ঢাকার চিটাগাং রোডে মুক্তি সরণির চালের আড়তের উদ্দেশে রওনা দেন। শনির আখড়ায় ট্রাকটি পৌঁছালে দুটি ট্রাকে ২০-২৫ জন দুর্বৃত্ত তাঁর ট্রাকটি গতিরোধ করার চেষ্টা করে। একপর্যায়ে ভোর সাড়ে চারটার দিকে আইমুদ্দিন ট্রাকটি নিয়ে যাত্রাবাড়ীর পুনম সিনেমা হলের গলিতে ঢুকে পড়েন। এ সময় আইমুদ্দিনের সহকারী মিলন পালিয়ে যান। দুর্বৃত্তরা ওই গলিতে ঢুকে চালক আইমুদ্দিনের হাত-পা বেঁধে মারধর করে। কয়েকজন আইমুদ্দিনের ট্রাক থেকে ১৬২ বস্তা চাল নামিয়ে দুই ট্রাকে তোলে এবং তাঁকে অন্য একটি ট্রাকে ওঠায়। এরপর দুর্বৃত্তরা তাঁকে বলে, ‘আরও মার খাবি না ওষুধ খাবি?’ আইমুদ্দিন বলেন, তিনি ওষুধ খেতে রাজি হওয়ায় তাঁকে ঘুমের ওষুধ গুলে খাইয়ে দেয়। এরপর তাঁকে ট্রাকে মিরপুর বেড়িবাঁধের নবাবেরবাগ নিয়ে তাঁকে ফেলে দেয়। এরপর তাঁর আর কিছু মনে নেই। গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আবদুল মোতালিব জানান, ট্রাকভর্তি চাল ছিনতাইয়ের কথা তাঁরা শুনেছেন। তবে এই ঘটনায় কেউ থানায় মামলা করতে আসেনি।শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে জানান, ভোরের দিকে থানার টহল উপপরিদর্শক নবাবেরবাগ এলাকা থেকে এক যুবককে প্রায় অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই যুবক নিজেকে ট্রাকচালক পরিচয় দিলেও তিনি তাঁর নাম-ঠিকানা জানাতে পারেননি। এরই মধ্যে তিনি অজ্ঞান হয়ে যান।