ট্রাকভর্তি আমের ঝুড়ি থেকে ফেনসিডিল উদ্ধার
কোতোয়ালি থানার বাদামতলী ঘাটে গতকাল শনিবার ট্রাকভর্তি আমের ঝুড়ি থেকে এক হাজার ১০০ বোতল ফেনসিডিল ও দুই হাজার প্যাথেডিন অ্যাম্পল উদ্ধার করেছে র্যাব। এ সময় মাদক ব্যবসায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১০-এর সহকারী অধিনায়ক জুবায়ের সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে আটটার দিকে বাদামতলী ঘাটে অভিযান চালানো হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে আসা একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। তল্লাশি করে ট্রাকে থাকা ১৩টি আমের ঝুড়ি থেকে ফেনসিডিল ও প্যাথেডিন উদ্ধার করা হয়। এ সময় মো. ফারুক (৩৫), মো. মনসুর (৩৮) ও সুমন হাওলাদার (২২) নামের তিনজনকে গ্রেপ্তার করে ট্রাকটি আটক করা হয়। র্যাব কর্মকর্তা বলেন, আমের ঝুড়িগুলো প্লাস্টিকের। ঝুড়ির ওপরে ও আশপাশে আম দিয়ে ঢেকে লুকিয়ে মাদকদ্রব্য রাজধানীতে নিয়ে আসা হয়েছিল। রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন লোকের নামে তা আনা হচ্ছিল বলে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। র্যাব সূত্র জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এভাবে কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা চালিয়ে আসছে। মাদকদ্রব্যের মধ্যে ফেনসিডিল আকারে বড় ও অধিকতর দৃশ্যমান বলে মাদক ব্যবসায়ীরা আমের ঝুড়ি, কফিনসহ বিভিন্ন কৌশলে ফেনসিডিল এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করছে। তবে ব্যবসায়ীদের কৌশল নস্যাৎ করতে র্যাব সব সময় সতর্ক দৃষ্টি রাখছে বলে সূত্র জানায়।