ট্রাকের টানে ছিঁড়ে গেল ঝুলন্ত তার, ভাঙল খুঁটি
ঝুলে পড়া তার আটকে গিয়েছিল চলন্ত ট্রাকের মাথায়। বিদ্যুতায়িত হওয়ার ভয়ে ট্রাকচালক আরও জোরে টান দিতেই রাস্তার দুই পাশের খুঁটিগুলো ভেঙে পড়ে যায় তারের টানে। গতকাল রোববার ভোরে রাজধানীর বাংলামোটর মোড়ে এ ঘটনা ঘটে।এ কারণে গতকাল দিনভর সোনারগাঁও লিঙ্ক রোডে যান চলাচল বন্ধ ছিল। সামান্য কিছু বিদ্যুতের তারের পাশাপাশি অসংখ্য ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) ইন্টারনেটের তার ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল বাংলামোটরে।প্রত্যক্ষদর্শী আশপাশের কয়েকটি ভবনের নিরাপত্তাকর্মীরা জানান, গতকাল ভোরে শাহবাগের দিক থেকে ফার্মগেটের দিকে আটার বস্তা বোঝাই একটি ট্রাকের ওপরে আটকে যায় ইন্টারনেট আর ক্যাবল লাইনের (ডিশ) ঝুলন্ত তার। তার আটকে গেছে বুঝতে পেরে গাড়িটি থামান ট্রাকচালক। কিন্তু একসঙ্গে অনেক তার দেখতে পেয়ে বিদ্যুতায়িত হওয়ার ভয়ে ট্রাকচালক বিচলিত হয়ে পড়েন। তিনি ইঞ্জিনে সর্বশক্তি দিয়ে গাড়িটি টান দিয়ে চলে যান। ট্রাকের টানে প্রথমেই তার ছিঁড়ে ভেঙে পড়ে রাস্তার দুই পাশের দুটি খুঁটি। ওই খুটি দুটির টানে ভেঙে পড়ে আরও তিনটি খুঁটি। তবে এতে কেউ হতাহত হয়নি।খুঁটি ভেঙে তার ছিঁড়ে পড়ার পর গতকাল বাংলামোটর, ইস্কাটন ও পরীবাগ এলাকার কিছু অংশে দিনভর বিদ্যুৎ ছিল না। অনেক এলাকায় ছিল না ইন্টারনেট ও ডিশের লাইন। ডিপিডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল হক প্রথম আলোকে বলেন, পাঁচটি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সারা দিন কাজ চলেছে। সন্ধ্যায় কয়েকটি খুঁটি বসিয়ে লাইন চালু করা হয়েছে।গতকাল বিকেলে বাংলামোটরে গিয়ে দেখা গেছে, বাংলালায়ন, বিওএল, আইএসএন, এসএমজেসহ অন্তত ২০টি আইএসপির কর্মীরা তার পুনঃস্থাপনে ব্যস্ত। তাঁরা জানান, এখানে অন্তত অর্ধশতাধিক আইএসপির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।বাংলালায়নের একজন কর্মী জানান, তাঁদের কেবল ও জয়েন্টবক্সগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পুরো সংযোগের তার ঢিলা হয়ে ঝুলে পড়েছে। গতকাল দিনভর তাঁরা লাইন পুনঃস্থাপনের কাজ করেন।