রাজধানীর বাড্ডা এলাকায় গত বুধবার রাতে ট্রাকের ধাক্কায় মো. রাসেল (১৫) ও তানভীর হোসেন (১৭) নামের দুই ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ফারহান মিয়া (১৭) নামের অপর এক ছাত্র গুরুতর আহত হয়। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার শাহবাগ ও বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় খাদ্য অধিদপ্তরের প্রকল্প পরিচালকসহ নয়জন আহত হয়েছে। বাড্ডা থানার পুলিশ জানায়, নিহত রাসেল ও তানভীর হোসেন রামপুরার দুটি পৃথক স্কুলের যথাক্রমে সপ্তম শ্রেণীর ছাত্র ও এসএসসি পরীক্ষার্থী ছিল। অপরদিকে আহত ফারহান মিয়া ধানমন্ডির একটি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। তাদের বাসা রামপুরার উলন রোড এলাকায়। ফারহানের বাবা দুলাল মিয়া প্রথম আলোকে বলেন, বুধবার রাতে তাঁর বড় মেয়ের গায়েহলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে ফারহান মোটরসাইকেলে চড়ে গুলশানে বন্ধুর সঙ্গে দেখা করতে যায়। সঙ্গে যায় অনুষ্ঠানে আসা রাসেল ও তানভীর। রাত তিনটার দিকে ফিরছিল তারা। বাড্ডার লিংক রোড এলাকায় এলে দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। দুলাল মিয়া বলেন, টহলরত পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেল ও তানভীরকে মৃত ঘোষণা করেন। ফারহানকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাকে শ্যামলীর ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। সূত্র জানায়, রাসেলের গ্রামের বাড়ি ভোলার লালমোহন এলাকায়। বাবা বাবুল মিয়া। অপর দিকে তানভীরের গ্রামের বাড়ি একই জেলার সদরে। বাবা দেলোয়ার হোসেন। অন্যদিকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুর একটার দিকে শাহবাগ এলাকায় বারডেম হাসপাতালসংলগ্ন সড়ক পার হওয়ার সময় খাদ্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) এ কে এম মাহবুবুল আলম (৪৮) আহত হন। মিরপুর থেকে সদরঘাটগামী একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মাথা ও ডান পায়ে আঘাত পান। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন, মাহবুবুল আলম আশঙ্কামুক্ত। তাঁর ডান পায়ের হাড় ভেঙে গেছে। এদিকে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আলম বলেন, গতকাল সকাল নয়টার দিকে বিজয় সরণি মোড়ে ভিআইপি ও শিকড় পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আটজন গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসসহ দুই চালককে আটক করেছে পুলিশ।