ট্রাকের ধাক্কায় মা-ছেলে আহত ট্রাকে আগুন
রাজধানীর ধানমন্ডিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রাকের ধাক্কায় মা ও ছেলে আহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটিতে অগ্নিসংযোগ এবং ট্রাকচালকের সহকারীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।আহত দুজন হলো সাদিয়া আনসারি (৩৮) ও তাঁর ছেলে নাদিব ওয়াহেদ (১৪)। গুরুতর আহত সাদিয়াকে গ্রিন রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।ধানমন্ডি থানার পুলিশ জানায়, বেলা দুইটার দিকে সাদিয়া ছেলেকে নিয়ে জিগাতলার বাসা থেকে রিকশাযোগে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলে যাচ্ছিলেন। শংকর বাসস্ট্যান্ডের কাছে ওই রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় বিমানবন্দরগামী চামড়াবোঝাই একটি ট্রাক। এতে সাদিয়া রিকশা থেকে ছিটকে ট্রাকের চাকার কাছাকাছি গিয়ে পড়েন এবং গুরুতর আহত হন। নাদিব ডান হাতে সামান্য আঘাত পায়। স্থানীয় লোকজন সাদিয়াকে উদ্ধার করে প্রথমে জিগাতলা ও পরে গ্রিন রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার পরপর ট্রাকচালক পালিয়ে গেলেও তাঁর সহকারী রুবেলকে (১৮) লোকজন ধরে পিটুনি দেয়। এরপর তারা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। ট্রাকের কিছু অংশ পুড়ে যাওয়ার পর পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। লোকজন রুবেলকে পুলিশের কাছে সোপর্দ করে। রুবেল ও ট্রাকটি থানায় আনা হয়েছে।সাদিয়ার স্বামী আবু দাউদ বলেন, নাদিব অষ্টম শ্রেণীতে পড়ে। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার মডেল টেস্ট দিতে সে মায়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল। তিনি বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, সাদিয়ার অবস্থা আশঙ্কাজনক।রাজধানীতে দিনে ওই ট্রাকের চলাচল সম্পর্কে জানতে চাইলে পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার জাহেদুল আলম বলেন, ট্রাকটি কীভাবে সড়কে নামল তা খতিয়ে দেখা হচ্ছে।