ট্রানজিট ও জলবিদ্যুতে সহযোগিতা নিয়ে আজ ঢাকায় বৈঠক শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রানজিট এবং পানি ও জলবিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়ে আজ বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ, ভারত ও ভুটানের ত্রিপক্ষীয় কর্ম কমিটির বৈঠক। দুই দিনের এ বৈঠকের প্রথম দিনে পানি ও জলবিদ্যুৎ এবং আগামীকাল শুক্রবার ট্রানজিট ও যোগাযোগ খাতের সম্ভাব্য সহযোগিতা নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা হবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, ২০১১ সালের অক্টোবরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সই হওয়া উন্নয়ন সহযোগিতার রূপরেখা চুক্তি অনুযায়ী এ বৈঠক হচ্ছে। উপ-আঞ্চলিক সহযোগিতার লক্ষ্যে রূপরেখা চুক্তিতে বিভিন্ন খাতে সহযোগিতার লক্ষ্যে এ ধরনের বৈঠক আয়োজনের কথা রয়েছে।ঢাকার ওই কর্মকর্তা জানিয়েছেন, হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় বৈঠকে ট্রানজিট চালুর সম্ভাব্যতা ও জলবিদ্যুৎ খাতে সহযোগিতা নিয়ে খোলামেলা আলোচনা হবে। প্রথম দিন অভিন্ন নদীর পানিবণ্টন ও অববাহিকার ব্যবস্থাপনায় বাংলাদেশ, ভারত ও ভুটানের সহযোগিতা নিয়ে আলোচনা হবে। আগামীকালের আলোচনায় ট্রানজিট বাস্তবায়নের লক্ষ্যে পণ্য ও সেবা পরিবহনের পাশাপাশি সাধারণ মানুষের যোগাযোগ সম্প্রসারণ করতে সড়ক অবকাঠামোর মানোন্নয়ন এবং রেল নেটওয়ার্ক সম্প্রসারণে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হবে।