ট্রান্সফরমার চুরি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান
রাজধানীতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি অব্যাহত রয়েছে। এ ধরনের চুরি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) চেয়ারম্যান মাহবুব-উল-আলম। গতকাল মঙ্গলবার তিনি রাজধানীর খিলগাঁও ও বাসাবো এলাকায় আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন। ডিপিডিসি চেয়ারম্যান বলেন, সদিচ্ছা থাকলে কোনো কাজে ব্যর্থ হওয়ার কোনো নজির নেই। যেহেতু ডিপিডিসি এখন একটা কোম্পানি, সুতরাং প্রতিষ্ঠানটিকে লাভজনক করার ক্ষেত্রে সবাইকে সততার সঙ্গে কাজ করতে হবে। গ্রাহকসেবার মান বাড়াতে পারলে ডিপিডিসির আয় বাড়বে বলেও তিনি উল্লেখ করেন। ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক আতাউল মাসুদ বলেন, যেহেতু প্রতিষ্ঠানটির বয়স বেশি দিন হয়নি, তাই সম্পদের অনেক স্বল্পতা আছে। কিন্তু এই সম্পদ দিয়েও সততার সঙ্গে কাজ করলে অনেক কিছু করা সম্ভব। এ সময় বক্তব্য দেন ডিপিডিসির পরিচালক (অপারেশন) ফরিদুল হক, ডিপিডিসির উপ-মহাব্যবস্থাপক সালাহউদ্দিন জাহাঙ্গীর, বাসাবো কার্যালয়ের কারিগরি ব্যবস্থাপক আজিজুল ইসলাম, খিলগাঁও কার্যালয়ের কারিগরি ব্যবস্থাপক কৃষ্ণপদ পাল প্রমুখ।