ট্রাফিক আইন কার জন্য!

প্রায় ১০০ মোটরসাইকেল, সঙ্গে জিপ, মাইক্রোবাস মিলিয়ে অর্ধশতাধিক প্রাইভেট কার। বিশাল বহর নিয়ে গতকাল সোমবার বিকেলে মিছিল বের করা হলো রাজপথে। বেশির ভাগ মোটরসাইকেলের চালক হেলমেট পরেননি। তার ওপর আবার তিনজন করে যাত্রী। অন্যদিকে প্রাইভেট কারে বাজানো হচ্ছিল হাইড্রোলিক হর্ন ও সাইরেন। বিজয় সরণি থেকে মিরপুর পল্লবী পর্যন্ত এভাবেই মিছিল করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
মিরপুর পল্লবীতে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় এই মিছিল বের করা হয়। জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রথম আলোকে বলেন, ‘যেভাবে কর্মসূচি পালিত হয়েছে, সেটা আমরা চাইনি। পরবর্তী সময়ে কেউ যাতে রাস্তা দখল করে কর্মসূচি পালন না করতে পারে, সে দিকে খেয়াল রাখব।’
সরেজমিনে দেখা গেছে, দুই কিলোমিটার দীর্ঘ এই মিছিলটি পল্লবী যাওয়ার সময় আশপাশের সব যানবাহন সরিয়ে দেওয়ার কাজ করেন মোটরসাইকেল আরোহীরা। মোটরসাইকেল ও গাড়িতে বসে ছিলেন ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্লাহ ও সাধারণ সম্পাদক সাদেক খান। তাঁদের বহনকারী গাড়িগুলোকে লক্ষ্য করে ফুলের পাপড়িও ছিটাতে থাকেন দলের নেতা-কর্মীরা। এ সময় রাজপথে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্যরা নীরব ছিলেন।
অথচ ৪ মে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহারে আমি যুদ্ধ ঘোষণা করেছি।’ মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছিলেন, মোটরসাইকেলে হেলমেট পরতে হবে ও চালকসহ দুজনের বেশি আরোহী চড়তে পারবেন না। ২ মে পর্যন্ত এসব অপরাধে কয়েক হাজার মামলাও হয়েছে বলে জানান তিনি।
জানতে চাইলে ডিএমপির ট্রাফিক বিভাগের (পশ্চিম) উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ভায়োলেশন ইজ ভায়োলেশন। সেটা যে কারণেই হোক না কেন।’