রাজধানীর শ্যামপুর থানার গেন্ডারিয়া বাজারসংলগ্ন রেললাইন ক্রসিংয়ে গতকাল শনিবার ট্রেন ও একটি প্রাইভেট কারের সংঘর্ষে সুরুজ মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ক্রসিংটি অবৈধ। গাড়ি চলাচল বন্ধে ক্রসিংয়ের দুই পাশে কয়েকবার খুঁটি বসানো হয়েছিল। স্থানীয় লোকজন তা উঠিয়ে নিয়েছে। তবে স্থানীয় লোকজনের দাবি, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ক্রসিং দিয়ে গাড়ি চলাচল করছে। প্রত্যক্ষদর্শী, স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বেলা ১১টার দিকে ক্রসিংয়ের পশ্চিম দিক থেকে আসা একটি প্রাইভেট কার রেললাইন পার হচ্ছিল। গাড়িতে শুধু চালক ছিলেন। গাড়িটি নিচের রেললাইন (ডাউন লাইন) পার হয়ে ওপরের রেললাইনে (আপলাইন) উঠে কিছুটা অতিক্রম করে। গাড়ির পেছনের অংশ রেললাইনের ওপর ছিল। তখন নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন গাড়ির পেছনে ধাক্কা দেয়। ধাক্কায় গাড়িটি ঘুরে রেললাইনেই রয়ে যায়। গাড়িচালক আহত অবস্থায় দ্রুত বেরিয়ে আসেন। ট্রেনটি গাড়িটিকে ধাক্কা দিতে দিতে প্রায় ৪০ গজ দূরে নিয়ে যায়। এ সময় গাড়িটি দুমড়েমুচড়ে গিয়ে রেললাইনের পাশে গিয়ে পড়ে। এ সময় ট্রেনের সামনে ইঞ্জিনের ওপর বসা যাত্রী রফিকুল ও সুরুজ মিয়া ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যান সুরুজ। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, চালক মুঠোফোনে কথা বলতে বলতে ক্রসিং পার হচ্ছিলেন। নিরাপত্তাকর্মী ও স্থানীয় লোকজন সতর্ক করলেও তিনি শোনেননি। গাড়ির চালক সিরাজ শরীফ প্রথম আলোকে বলেন, তিনি ট্রেন আসার কোনো সংকেত পাননি। নিহত সুরুজের শ্যালক মঞ্জু মিয়া বলেন, ভাঙ্গারি ব্যবসায়ী নিহত সুরুজের গ্রামের বাড়ি জামালপুরে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে নারায়ণগঞ্জে থাকতেন। গতকাল ট্রেনে করে তিনি কমলাপুরে যাচ্ছিলেন। তাঁর বাবার নাম ওয়াজ আলী। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ক্রসিং থেকে প্রায় ৪০ গজ দূরে রেললাইনের ডান পাশে পড়ে আছে দোমড়ানো গাড়িটি। ক্রসিংয়ের পশ্চিম পাশে গাড়ি আটকানোর জন্য বাঁশ বসানো হলেও অন্য পাশে কিছু নেই। আগেও ওই ক্রসিংয়ে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। রেলওয়ের নারায়ণগঞ্জ-ঢাকা রুটের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী আবদুল মতিন সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ২৫টি ক্রসিং আছে। এর মধ্যে ১৩টিই অবৈধ। স্থানীয় লোকজনের খুঁটি সরিয়ে ক্রসিং ব্যবহার করার কথা থানাপুলিশকে জানানো হয়েছিল। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, লোকবল কম থাকায় ওই ক্রসিংয়ে সার্বক্ষণিক নজরদারি করা সম্ভব হয় না।