ট্রেনে কাটা পড়ল তন্ময়ের স্বপ্ন
মাত্র ২০ দিন পর উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল তন্ময় ইসলামের (২০)। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কমলাপুরের টিটিপাড়ায় ট্রেনে কাটা পড়ে তন্ময়ের মৃত্যু হয়েছে।তন্ময়ের খালাতো ভাই শাহরিয়ার আমিন প্রথম আলোকে বলেন, তন্ময় গত বছর নারায়ণগঞ্জের কদম রসুল ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। সম্প্রতি নারায়ণগঞ্জের মেরিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে ছয় মাসের প্রশিক্ষণ কোর্স শেষ করেছেন। ওই বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করতে ২০ দিন পর তন্ময়ের মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল।শাহরিয়ার বলেন, গতকাল দুপুরে তিনি ও তন্ময় কাপড় কিনতে নারায়ণগঞ্জ থেকে ট্রেনে ঢাকায় রওনা হন। ট্রেনে যাত্রী বেশি থাকায় তিনি ও তন্ময় ট্রেনের ফটকের কাছে দাঁড়িয়ে ছিলেন। একসময় যাত্রীদের ধাক্কায় তন্ময় চলন্ত ট্রেন থেকে পড়ে যান। তন্ময়ের দুটি পা ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা তিনটার দিকে তিনি মারা যান।তন্ময়ের মৃত্যুর খবরে তাঁর মা-বাবা, ভাই ও স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান।তন্ময় মা-বাবার সঙ্গে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় থাকতেন। তাঁর বাবা নুরুল ইসলাম পেশায় ব্যবসায়ী। তিন ভাইয়ের মধ্যে তন্ময় দ্বিতীয় ছিলেন।ঢাকা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় রেলওয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা করবে।