ট্রেনে কাটা পড়ে ট্রাফিক কনস্টেবল নিহত
রাজধানীর বনানীতে গতকাল সোমবার রাতে ট্রেনে কাটা পড়ে চাণক্য কুমার বর্মণ (৪৫) নামের ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।
নিহত চাণক্য কুমার ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ (উত্তর) বিভাগে কর্মরত ছিলেন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে একটি ব্যাগে করে চাণক্যর ক্ষতবিক্ষত দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পুলিশ জানায়, তাঁর গ্রামের বাড়ি লালমনিরহাটে। রাজধানীর মিরপুর ১৪ নম্বর পুলিশ লাইনে স্ত্রী শিপ্রা রানী ও দুই ছেলেকে নিয়ে তিনি থাকতেন। গতকাল কর্তব্য শেষে বাসায় ফেরার পথে রাত সাড়ে আটটার দিকে দুর্ঘটনার শিকার হন। ঢাকা রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, কমলাপুর থেকে জয়দেবপুরগামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় কনস্টেবল চাণক্য কুমার নিহত হয়েছেন। ডিউটি শেষে সম্ভবত তিনি রেললাইন দিয়ে হেঁটে সৈনিক ক্লাবে যাচ্ছিলেন। সৈনিক ক্লাব থেকে তিনি মিরপুরের বাসায় ফিরতে চেয়েছিলেন। এভাবেই তিনি প্রতিদিন বাসায় যান।