ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুজনের
রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন রেললাইনে গতকাল রোববার এক ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুজন মারা গেছেন। একজন রেস্তোরাঁর কর্মচারী স্বপন গাজী (৩৭) ও অন্যজন অজ্ঞাতনামা নারী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে স্বপন কারওয়ান বাজার শুঁটকির আড়তসংলগ্ন রেললাইন পার হচ্ছিলেন। এ সময় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। স্বপনের স্ত্রী রিনা আক্তার জানান, স্বপন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (এফডিসি) পুরাতন ফটকের সামনের একটি রেস্তোরাঁয় চাকরি করতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। ঢাকা রেলওয়ে থানা-পুলিশ (জিআরপি) দ্বিখণ্ডিত লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। থানার সহকারী উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান, স্বপন গাজীর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এর এক ঘণ্টার মাথায় একই এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী প্রাণ হারান। তাঁর পরনে চেক ছাপার সালোয়ার-কামিজ ছিল। বয়স আনুমানিক ৩০ বছর। নারীর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।