ট্রেনে ভ্রমণের আগেই স্ট্যান্ডিং টিকিটে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে আসন ছাড়া দাঁড়িয়ে যাওয়ার টিকিটের (স্ট্যান্ডিং টিকিট) বিক্রি চলছে
ছবি: ড্রিঞ্জা চাম্বুগং

করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞায় ট্রেনে আসন ছাড়া দাঁড়িয়ে যাওয়ার টিকিটের (স্ট্যান্ডিং টিকিট) বিক্রি বন্ধ রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকের বাড়তি ভাড়ার টিকিট বা টিটি টিকিট ঠিকই বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন যাত্রীসাধারণের ট্রেনে ভ্রমণে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে, অন্যদিকে সরকারি নির্দেশনা সত্ত্বেও ট্রেনে স্বাস্থ্যবিধির কোনো বালাই থাকছে না। কারণ, বাড়তি ভাড়ার সব টিকিটেই যাত্রীরা আসন ছাড়া ট্রেনে ভ্রমণ করবে।

জ্বালানির দাম বাড়ায় সরকারিভাবে ভাড়া বাড়ানোর দাবিতে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন আজ শনিবার কমলাপুর রেলস্টেশনে এ চিত্র দেখা গেছে। আজও সকাল থেকে এ স্টেশনে যাত্রীসাধারণের ভিড় রয়েছে। অনেকে গন্ত্যবের টিকিট না পেয়ে বাড়তি ভাড়ায় তা সংগ্রহ করছেন।

পরিবহন ধর্মঘটের সুযোগে জরিমানার কাজটি স্টেশনেই করছেন রেল কর্তৃপক্ষ
ছবি: ড্রিঞ্জা চাম্বুগং

যাত্রীরা বলছেন, যাঁরা ট্রেনে টিকিট ছাড়া ওঠেন, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক বা টিটি তাঁদের তাৎক্ষণিক জরিমানা করে বাড়তি ভাড়ার টিকিট দেন। কাজটি হয় ট্রেনের ভেতরে, যাঁরা টিকিট ছাড়া ভ্রমণ করেন তাঁদের সঙ্গে। কিন্তু পরিবহন ধর্মঘটের সুযোগে জরিমানার কাজটি স্টেশনেই করছেন রেল কর্তৃপক্ষ। স্ট্যান্ডিং টিকিট বিক্রি নিষিদ্ধ থাকার সুযোগে তাঁরা এই টিকিট বিক্রি করছেন।

চট্টগ্রামের একটি ট্রেনের টিকিট কাটেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাহেদ হোসেন। তাঁর কাছে বাড়তি ভাড়ার ৩ আসনের টিকিটের দাম ৯৯০ টাকা রাখা হয়। প্রতিটির দাম ৩৩০ টাকা। যেখানে স্ট্যান্ডিং টিকিটের দাম ২০০ টাকার কম আর চট্টগ্রামের শোভন শ্রেণির টিকিটের দাম ২৭০ টাকা বলে জানান তিনি।

সাহেদ হোসেন বলেন, রেল কর্তৃপক্ষ ধর্মঘটের সুযোগে টিকিট না পাওয়া সবাইকে ট্রেনে ভ্রমণের আগে স্টেশনেই সমানে জরিমানা করছে। এতে স্ট্যান্ডিং টিকিট বিক্রি না হলেও ট্রেনে যাত্রীবোঝাই থাকবে।

চট্টগ্রামে তিন আসনের টিকিটের দাম বাড়তি ভাড়ার ৩ আসনের টিকিটের দাম ৯৯০ টাকা রাখা হয়
ছবি: ড্রিঞ্জা চাম্বুগং

স্ট্যান্ডিং টিকিট বিক্রির বিষয়ে একজন টিকিট বিক্রেতা প্রথম আলোকে বলেন, বাড়তি ভাড়ার টিকিট আসলে জরিমানার টিকিট। এটা স্বাভাবিক ভাড়ার সমপরিমাণ টাকায় বিক্রির সুযোগ নেই। ন্যূনতম ৪৫ টাকা বাড়তিতে সব গন্তব্যের টিকিট বিক্রি করা হচ্ছে।

বিষয়টি স্বীকার করেন কমলাপুর স্টেশনের মাস্টার আফছাড় উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ধর্মঘটের কারণে যাত্রীর চাপ প্রচুর। সরকারি নিষেধাজ্ঞা থাকায় স্ট্যান্ডিং টিকিট বিক্রি সম্ভব হচ্ছে না। এ কারণে বাড়তি ভাড়ার টিকিট বিক্রি করা হচ্ছে।

করোনায় স্ট্যান্ডিং টিকিট বিক্রি নিষিদ্ধ থাকার সুযোগে টিকিট বিক্রি হচ্ছে স্টেশনে
ছবি: ড্রিঞ্জা চাম্বুগং

রেলওয়ে কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, পরিবহন ধর্মঘটের পর থেকেই স্টেশনে যাত্রীর চাপ বেড়ে গেছে। এ কারণে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে। যে যে গন্তব্যে প্রয়োজন ওই ট্রেনগুলোতে এসব বগি যুক্ত করা হয়েছে বলে জানানো হয়।

কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারোয়ার প্রথম আলোকে বলেন, আজ বিভিন্ন গন্তব্যের ট্রেনে মোট ২২টি কোচ যুক্ত করা হয়েছে। কোনো স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে না।