ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট পেতে গতকাল মঙ্গলবার কমলাপুর রেলস্টেশনে গত কয়েক দিনের চেয়ে টিকিটপ্রত্যাশীদের ভিড় বেশি ছিল। রেল কর্তৃপক্ষ বলছে, গতকাল টিকিটের চাহিদা ছিল বেশি।অগ্রিম টিকিট দেওয়ার চতুর্থ দিনে সোমবার রাত ১০টার পর থেকেই কাউন্টারগুলোর সামনে মানুষ লাইনে দাঁড়াতে শুরু করে। গতকাল বিক্রি হয়েছে ২৫ অক্টোবরের টিকিট। আজ অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে ২৬ অক্টোবরের টিকিট দেওয়া হবে।সাভারের আমিন বাজারের চাকরিজীবী আমির হোসেন গতকালের অগ্রিম টিকিট কিনতে রাত ১২টার সময় লাইনে দাঁড়ান। সকাল আটটার মধ্যেই তিনি রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনের টিকিট পান। গত ঈদে যাত্রীদের অনুরোধে এই ঈদে সকাল সাতটা থেকে অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। টিকিটের জন্য অপেক্ষায় থাকা সাইদুল ইসলাম জানান, এবার সাতটা থেকে টিকিট দেওয়ার কারণে ভোগান্তি কমেছে।গতকালও অনেক যাত্রী অগ্রিম টিকিট না পেয়ে খালি হাতে ফিরেছেন। কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক খায়রুল বশীর প্রথম আলোকে বলেন, গতকাল স্টেশনে টিকিটপ্রত্যাশীদের ভিড় অন্যান্য দিনের তুলনায় বেশি ছিল। দাঁড়িয়ে ভ্রমণের টিকিট দেওয়া হবে কি না—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে যাত্রার দিনে তাঁদের দাঁড়িয়ে যাওয়ার টিকিট দেওয়া হবে। তবে এ সংখ্যা হবে বড়জোর ২৫ শতাংশ।কমলাপুরে রেলমন্ত্রী: সকাল সাড়ে ১০টায় কমলাপুর স্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পরিস্থিতি পরিদর্শনে আসেন নতুন রেলমন্ত্রী মুজিবুল হক। এ সময় তিনি বিভিন্ন কাউন্টারের সামনে গিয়ে টিকিটপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ঈদ সামনে রেখে ১৪টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রী বলেন, রেলের সেবার মান উন্নয়নের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের ১০০টি রেলস্টেশন চিহ্নিত করে সেগুলোর সার্বিক উন্নয়ন করা হবে।বিশেষ ট্রেনের সময়সূচি: ঈদ উপলক্ষে বিশেষ ট্রেনের সময়সূচি জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। যে তিনটি রুটে ট্রেনগুলো চলবে তা হলো: ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, ঢাকা-পার্বতীপুর-ঢাকা ও ঢাকা-খুলনা-ঢাকা।ঢাকা থেকে দেওয়ানগঞ্জের ট্রেনটি পৌনে নয়টায় ছেড়ে পৌঁছবে বেলা দুইটা ৩৫ মিনিট। ঢাকা রওনা দেবে বেলা তিনটা ১০ মিনিটে, পৌঁছবে রাত ১০টা ২০ মিনিটে। ঢাকা থেকে পার্বতীপুরের উদ্দেশে ট্রেনটি ছাড়বে বিকেল চারটা ২৫ মিনিটে, পৌঁছবে রাত দেড়টায়। ট্রেনটি ঢাকা অভিমুখে যাত্রা করবে সকাল ছয়টায়, পৌঁছবে বেলা তিনটা ১০ মিনিটে। ঢাকা থেকে খুলনার উদ্দেশে বিশেষ ট্রেনটি ছাড়বে সকাল নয়টা ১৫ মিনিটে, পৌঁছবে সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে। ট্রেনটি ঢাকা অভিমুখে যাত্রা করবে রাত ১০টায়, পৌঁছবে সকাল আটটা ১৫ মিনিটে।