ট্রেনের অগ্রিম টিকিটের জন্য ভিড় বেড়েছে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে টিকিট-প্রত্যাশীদের ভিড় আগের দিনের তুলনায় বেড়েছে। গতকাল রোববার ২৩ অক্টোবরের টিকিট বিক্রি করা হয়েছে। আজ সোমবার বিক্রি করা হবে ২৪ অক্টোবরের টিকিট।সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন, দুর্গাপূজা উপলক্ষে ২৪ অক্টোবর সরকারি ছুটি থাকায় আজ টিকিট-প্রত্যাশীদের ভিড় হবে।রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারগুলোতে গতকাল সকাল সাতটা থেকে টিকিট বিক্রি শুরু হয়। সকাল সাতটায় স্টেশনে গিয়ে দেখা যায়, কাউন্টারের সামনে টিকিট-প্রত্যাশীদের দীর্ঘ সারি, যা আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ। সোয়া সাতটার দিকে লালমনি এক্সপ্রেসের চারটি টিকিট কিনে কাউন্টার ছাড়লেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমান। সারিতে কয়েকজনের পরেই ছিলেন তিনি। হাফিজুর জানান, চার বন্ধু একসঙ্গে গ্রামের বাড়ি গাইবান্ধার বোনারপাড়ায় যাওয়ার জন্য টিকিট কিনলেন। তাড়াতাড়ি টিকিট পেয়ে ভালো লাগছে বলে জানান তিনি।কয়েকজন যাত্রী অভিযোগ করলেন, শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কেবিন ও প্রথম শ্রেণীর টিকিট পাওয়া যাচ্ছে কম। কয়েকজনকে দেওয়ার পরই কাউন্টার থেকে জানানো হয়, এই দুই শ্রেণীর টিকিট নেই। তাঁদের একজন মমিনুর রহমান বললেন, তিনি সারির শুরুর কয়েকজনের পরে থেকেও রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেসের এসি কেবিনের টিকিট পাননি। তাই বাধ্য হয়ে চেয়ার কোচের চারটি টিকিট কিনেছেন।এ বিষয়ে জানতে চাইলে কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক খায়রুল বশীর প্রথম আলোকে বলেন, বিভিন্ন ট্রেনে শীতাতপনিয়ন্ত্রিত বগি বা প্রথম শ্রেণীর টিকিট কম থাকে। এর মধ্যে কিছু টিকিট বিশেষ ব্যক্তি ও অনলাইনে বিক্রির জন্য বরাদ্দ থাকে। তাই এমনটা হতে পারে।টিকিট-প্রত্যাশীদের টিকিটের পরিস্থিতি জানানোর জন্য কাউন্টারগুলোর সামনে আলাদা একটি করে মনিটর দেওয়া হয়েছে। কিন্তু এসব মনিটরের বেশির ভাগই বন্ধ দেখা গেছে। টিকিট-প্রত্যাশীদের অভিযোগ, কারসাজি করার জন্যই মনিটর বন্ধ রাখা হয়েছে।এ অভিযোগ অস্বীকার করেছেন রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবুর রহমান। তিনি বলেন, মনিটরগুলো নষ্ট হয়ে গেছে। শিগগিরই ঠিক করা হবে।সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকিট বিক্রির কথা থাকলেও দুপুর ১২টার পরপর কাউন্টারগুলো থেকে জানানো হয়, টিকিট শেষ হয়ে গেছে। ওই সময়ে সারিতে অপেক্ষমাণ ব্যক্তিরা ফিরেছেন খালি হাতে।টিকিট কালোবাজারি হচ্ছে কি না, এমন প্রশ্নে স্টেশনের ব্যবস্থাপক বলেন, এখন কালোবাজারির অস্তিত্ব নেই। নিরাপত্তা ও তদারকি আরও জোরদার করা হয়েছে।লঞ্চের অগ্রিম টিকিট আজ থেকে: ঈদ উপলক্ষে লঞ্চে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আজ থেকে। লঞ্চগুলোর কেবল কেবিনের টিকিট বিক্রি হবে। লঞ্চমালিকেরা ঈদে ভাড়া না বাড়ানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন।