ট্রেনের আগাম টিকিট কিনতে শেষ দিনেও ভিড়
রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে আজ শনিবার ২৪ সেপ্টেম্বরের ট্রেন যাত্রার আগাম টিকিট দেওয়া হচ্ছে। সকাল নয়টা থেকে টিকিট দেওয়া শুরু হয়েছে। প্রতিটি কাউন্টারের সামনে ঈদে ঘরমুখো মানুষের দীর্ঘ লাইন।
অনেকে আবার টিকিটের জন্য গতকাল শুক্রবার রাত থেকে লাইনে দাঁড়িয়ে। সময় যত গড়াচ্ছে, লাইনও তত দীর্ঘ হচ্ছে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ পাওয়ার পর আজ স্টেশনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। রয়েছে ভ্রাম্যমাণ আদালতও।
বাংলাদেশ রেলওয়ে ১৫ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনব্যাপী ঈদের আগাম টিকিট বিক্রি শুরু করেছে। আজ শেষ দিন। ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিক্রি হবে ফিরতি টিকিট।
রেল কর্তৃপক্ষ জানায়, এবারে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন ১৫ সেপ্টেম্বর দেওয়া হয় ২০ তারিখের টিকিট, ১৬ সেপ্টেম্বর ২১ তারিখের, ১৭ সেপ্টেম্বর ২২ তারিখের, ১৮ সেপ্টেম্বর ২৩ তারিখের এবং ১৯ সেপ্টেম্বর (আজ) দেওয়া হয় ২৪ তারিখের টিকিট।
অগ্রিম ফিরতি টিকিট বিক্রির প্রথম দিন ২৩ সেপ্টেম্বর দেওয়া হবে ২৭ তারিখের টিকিট, ২৪ সেপ্টেম্বর ২৮ তারিখের, ২৫ সেপ্টেম্বর ২৯ তারিখের, ২৬ সেপ্টেম্বর ৩০ তারিখের এবং ২৭ সেপ্টেম্বর দেওয়া হবে ১ অক্টোবরের টিকিট। প্রতিবারের মতো এবারও প্রতিদিন সকাল নয়টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। বিক্রি করা আগাম টিকিট ফেরত নেওয়া হবে না।