ট্রেনের আগাম টিকিটের জন্য রাত থেকেই ভিড়

মানুষের দীর্ঘ সারি রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্ম ছাড়িয়ে বাইরের দিকে চলে গেছে অনেকটা দূর পর্যন্ত। গতকাল বুধবার রাত থেকেই শুরু হয়েছে ভিড়। কেউ এসেছেন ইফতারি সেরেই। কেউ-বা সেহ্রি শেষ করে। সবার লক্ষ্য একটাই—কাঙ্ক্ষিত তারিখে নির্দিষ্ট গন্তব্যের প্রয়োজনীয় টিকিট চাই। ট্রেনের টিকিট।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রেলওয়ে কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে। ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম স্টেশনসহ দেশের বিভিন্ন স্টেশনের কাউন্টার থেকে আজ সকাল নয়টা থেকে শুরু হয়েছে আগাম টিকিট বিক্রি। আর এই টিকিটের জন্য প্রতিটি স্টেশনের কাউন্টারেই শত শত মানুষের ভিড়।

রেলওয়ে সূত্র জানায়, আজ ৯ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিন টিকিট বিক্রি করা হবে। আজ বিক্রি হচ্ছে ১৩ জুলাইয়ের টিকিট। কাল ১০ জুলাই দেওয়া হবে ১৪ জুলাইয়ের টিকিট। ১১ জুলাই ১৫ জুলাইয়ের, ১২ জুলাই ১৬ জুলাইয়ের, ১৩ জুলাই বিক্রি হবে ১৭ জুলাইয়ের টিকিট।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের আন্তনগর, মেইল ও লোকাল ট্রেনের আসনসংখ্যা প্রায় ৩৮ হাজার। এর সঙ্গে যুক্ত হচ্ছে বিশেষ ট্রেন। সব মিলিয়ে ঢাকা থেকে প্রায় ৫০ হাজার যাত্রী প্রতিদিন ট্রেনে চড়ে বাড়ি যেতে পারবেন। একইভাবে চট্টগ্রাম থেকে আন্তনগর, মেইল ও লোকাল ট্রেনের আসনসংখ্যা প্রায় ১০ হাজার। কিন্তু ঈদ উপলক্ষে ১২-১৩ হাজার যাত্রী ট্রেনে চড়ে গন্তব্যে যেতে পারবেন।

আজ সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে শত শত মানুষের সারি। টিকিট-প্রত্যাশীদের ভিড়ে নির্ধারিত সময়ের অনেক আগেই পরিপূর্ণ হয়ে গেছে রেলস্টেশন। সকাল নয়টায় টিকিট বিতরণ শুরু হলে তাদের মধ্যে এক ধরনের স্বস্তি নেমে আসে। তবে পরক্ষণেই শুরু হয় আরেক ধরনের শঙ্কা—শেষমেশ টিকিট মিলবে তো!
আল আমিন নামের এক টিকিট-প্রত্যাশীর ভাষ্য, গতকাল বুধবার ইফতারির পর কমলাপুরে এসেছেন তিনি। টিকিট পাওয়া থেকে বঞ্চিত না হতে এ কাজ করেছেন তিনি।
মেহরুননেসা নামে একজন বললেন, কষ্ট করে হলেও টিকিট পাওয়া গেছে। এবার বাড়ি যাওয়ার পালা।
কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক সীতাংশু চক্রবর্তী বলেন, সকাল নয়টা থেকে টিকিট বিতরণ শুরু হয়েছে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অনিয়ম ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন..
টিকিট যুদ্ধের প্রস্তুতি