ট্রেনের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু
রাজধানীর কুড়িল বিশ্বরোডে গতকাল বৃহস্পতিবার ট্রেনের ধাক্কায় বিল্লাল হোসেন (২২) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত বিল্লাল মিরপুরে সরকারি বাঙলা কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল দুপুর দুইটার দিকে বিল্লাল কুড়িল বিশ্বরোড রেললাইন অতিক্রম করতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে সাতটার দিকে তিনি মারা যান। নিহতের পকেটে থাকা পরিচয়পত্রে দেখা গেছে, নাম: বিল্লাল হোসেন, গণিত প্রথম বর্ষ। মৃত্যুর খবর পেয়ে বিল্লালের দুই স্বজন এসে লাশ শনাক্ত করেন।নিহত বিল্লালের আত্মীয় জুবায়ের আহমেদ প্রথম আলোকে জানান, বিল্লালের পকেটে পাওয়া মুঠোফোনের নম্বর থেকে ফোন করে তাঁকে ঘটনা জানানো হয়। এরপর তিনি হাসপাতালে ছুটে আসেন। জুবায়ের জানান, নিহত বিল্লাল বাবার সঙ্গে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তায় থাকেন। তবে তিনি কুড়িলে কীভাবে এলেন তা তিনি জানেন না বলে জানান। বিল্লালের বাবা আবু তাহের পেশায় কৃষক। আদিবাস ভোলার তজুমদ্দিন উপজেলার আড়ালিয়ায়। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।