ঠিকাদার হত্যার ঘটনায় এক যুবক গ্রেপ্তার
ঢাকা ওয়াসার ঠিকাদার জিয়াউল ইসলাম (৩৫) হত্যার ঘটনায় রফিকুল ইসলাম ওরফে আলী নূর (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া রফিকুল সরকারি তিতুমীর কলেজের ব্যবসায় শিক্ষা প্রথম বর্ষের ছাত্র।ডিবির দাবি, গতকাল সোমবার দুপুরে টঙ্গী এলাকা থেকে রফিকুলকে গ্রেপ্তার করা হয়। জিয়াউলের ব্যবহূত মুঠোফোন ও মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে রফিকুলকে হাজির করা হয়। সেখানে তিনি ঠিকাদারকে হত্যার কথা স্বীকার করেন।প্রেস ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিসি) মনিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে রফিকুল জানিয়েছেন, তিনি জিয়াউলের কনিষ্ঠ বন্ধু। তিনি প্রায় সময় কাঁঠালবাগানে জিয়াউলের বাসায় যেতেন এবং মদ পান করতেন। গত বৃহস্পতিবারও ওই বাসায় যান এবং একসঙ্গে তাঁরা মদ পান করেন। কিন্তু রাতের দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তিনি জিয়াউলের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে জিয়াউল নিস্তেজ হয়ে পড়ে যান। পরে তিনি জিয়াউলের দুই হাত গামছা দিয়ে বেঁধে তাঁকে শ্বাসরোধে হত্যা করেন। পরদিন ভোরের দিকে জিয়াউলের দুটি মুঠোফোন ও মোটরসাইকেল নিয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান।রফিকুল সাংবাদিকদের কাছে দাবি করেন, জিয়াউল সমকামী ছিলেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি জিয়াউলের সঙ্গে ওই বাসায় যান। সেখানে তিনি তাঁকে মদপানে বাধ্য করেন। একপর্যায়ে একই উপায়ে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করায় কথা-কাটাকাটি হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে তিনি জিয়াউলের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। হামলা চালাতে পারে ভেবে তিনি জিয়াউলের হাত বেঁধে ফেলেন। পরদিন সকালে দরজা তালাবদ্ধ করে মুঠোফোন ও বাসার নিচে থাকা মোটরসাইকেল নিয়ে খিলগাঁওয়ের দিকে চলে যান। সেখান থেকে চলে যান টঙ্গীতে। রফিকুল দাবি করেন, পুরো ঘটনা তিনি একাই করেছেন। মুঠোফোন ও মোটরসাইকেল নিয়ে যাওয়া সম্পর্কে জানতে চাইলে রফিকুল বলেন, যাতে কেউ তাঁর মুঠোফোন নম্বর না পায়, সে জন্য তিনি মুঠোফোন নিয়ে গিয়েছিলেন। সকালের দিকে গাড়ি পাবেন না চিন্তা করে তিনি মোটরসাইকেলও নিয়ে যান। আগে থাকতেন বলে খিলগাঁওয়ের দিকে গিয়ে এক দোকানে বিশ্রাম নিয়েছিলেন বলে দাবি করেন রফিকুল।ডিবির কর্মকর্তা মনিরুল বলেন, লাশ উদ্ধারের দিন হাতুড়িটি উদ্ধার করা হয়েছিল। খোয়া যাওয়া আরেকটি মুঠোফোন উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।