ঠিকাদারি কাজ বাগাতে উত্তরের কাউন্সিলররা একজোট
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন প্রকল্পের কাজ অনলাইনে ই-টেন্ডারিংয়ের মাধ্যমে হওয়ায় কাউন্সিলররা নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছেন না। কাজের নিয়ন্ত্রণ পেতে গোপনে একজোট হওয়ার চেষ্টা করছেন তাঁরা। এ বিষয়ে গত সোমবার সভা করারও চেষ্টা করেন। তবে কাউন্সিলররা এসব নিয়ে প্রকাশ্যে কোনো কিছু বলছেন না।
মেয়র আনিসুল হক ডিএনসিসির বিভিন্ন প্রকল্পের কাজ ই-টেন্ডারের মাধ্যমে করার ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় সম্প্রতি ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডের ১৬০ কোটি টাকার উন্নয়নকাজের ই-টেন্ডার হয়। ফলে পছন্দের লোকজনকে কাজ পাইয়ে দিতে কাউন্সিলররা কোনো ধরনের জোর খাটানোর সুযোগ পাননি। অনলাইনের টেন্ডার-ব্যবস্থা নিয়ে কাউন্সিলররা ক্ষুব্ধ হন। ডিএনসিসির বেশির ভাগ কাউন্সিলর নিজেরাও ব্যবসায়ী ও ঠিকাদার।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএনসিসির তিনজন কাউন্সিলর প্রথম আলোকে বলেন, কাউন্সিলরদের মনে ক্ষোভ মূলত ডিএনসিসির কাজ না পাওয়া নিয়ে। কাউন্সিলরদের নিজস্ব কিছু নেতা-কর্মীকে চালাতে হয়। তাঁরা মিছিল-মিটিং করেন। তাঁদের সংসার আছে। তাঁদের এমন লোকদের কাজ না দিলে কীভাবে হবে।
ওই তিন কাউন্সিলর বলেন, কয়েকজন কাউন্সিলর এটা নিয়ে আলোচনা করতে সভার আয়োজন করেছিলেন। কিন্তু পরে তা হয়নি। কাউন্সিলরদের মধ্যে এ নিয়ে ভিন্নমতও আছে। মেয়র যেহেতু কাউন্সিলরদের কথা শোনেন, তাই যা বলার তা মেয়রকে সরাসরিই বলা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
নিজেদের মধ্যে আলোচনা করার জন্য কাউন্সিলরদের সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় জড়ো হওয়ার কথা ছিল। সভায় আমন্ত্রিত ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নাছির প্রথম আলোকে বলেন, ‘আমরা নিজেরা একটু বসতে চাইছিলাম। অনেক দিন কাউন্সিলররা একসঙ্গে কোথাও বসি না। একসঙ্গে চা খেতে বসার কথা ছিল। এর বেশি কিছু না। পরে সেটা আর হয়নি।’
মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজানসহ কয়েক কাউন্সিলর এই সভার উদ্যোক্তা বলে জানা যায়। কাউন্সিলর হাবিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। বারবার ফোন করার পরও তিনি তা ধরেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএনসিসির একজন কর্মকর্তা বলেন, ‘অনেক কাউন্সিলর ব্যবসায়ী-ঠিকাদার ছিলেন। তাঁরা নামে-বেনামে ঠিকাদারি কাজ, ব্যবসা করবেন বলে ভাবছিলেন। কিন্তু মেয়র পুরো কাজ পাওয়ার প্রক্রিয়া ই-টেন্ডারের মাধ্যমে করায় সে সুযোগ কমে গেছে। নিজেদের লোকদের দিয়ে কাজ না করাতে পেরেই এই ক্ষোভ।’
তবে ডিএনসিসির ঠিকাদারি কাজের ই-টেন্ডারিং হওয়ায় খুশি কিছু কাউন্সিলর। ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীম হাসান প্রথম আলোকে বলেন, ‘ই-টেন্ডার করায় আমরা খুশি। সবাই অংশ নিতে পারছে, স্বচ্ছতা আসছে। অন্য সময় হলে বলত, কাউন্সিলর জোর করে কাজ নিচ্ছে। এগুলো শুনতে হচ্ছে না।’