ঠিকানা জানে না শিশু দুটি
নগরের তেজগাঁও থানাসংলগ্ন ভিকটিম সাপোর্ট সেন্টারে অবস্থান করছে দুটি শিশু। কিন্তু তারা কেউ ঠিকানা বলতে পারে না। তাদের ফিরিয়ে দিতে অভিভাবকদের খুঁজছে ভিকটিম সাপোর্ট সেন্টার কর্তৃপক্ষ। গত রোববার এ কথা জানা গেছে।দুটি শিশুর মধ্যে একটির নাম তাসলিমা (১২)। তার বাবা বাবুল মিয়া মারা গেছেন। তার মায়ের নাম আমেনা বেগম। মা-বাবার নাম বলতে পারলেও সে তার বাড়ির ঠিকানা বলতে পারে না। তবে সে রাঙামাটির কথা বলেছে।১১ এপ্রিল ক্যান্টনমেন্ট থানা এলাকায় ঢোকার পর থানার এমপি ইউনিট তার নাম-ঠিকানা জানতে চাইলে তা সে বলতে পারেনি। পরে শিশুটির নিরাপদ হেফাজতের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়। এ সময় তার গায়ে ছিল ছাই ও গোলাপি রঙের ছাপা ফ্রক। তার গায়ের রং শ্যামলা।অন্য শিশুটির নাম মো. শুক্কুর (৭)। তার বাবার নাম রবিন। শুক্কুর তার মা ও নিজের বাড়ির ঠিকানা বলতে পারে না। তার গায়ের রং শ্যামলা। ৭ এপ্রিল গুলশান থানায় সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে আনা হয়। এ সময় তার পরনে ছিল বাসন্তী ও লাল রঙের ফতুয়া ও ঘিয়ে রঙের হাফ প্যান্ট।এই শিশুদের অভিভাবক বা পরিচিত ব্যক্তিদের তেজগাঁও থানাসংলগ্ন ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর: ৯১১০৮৮৫, ০১৭৪৫৭৭৪৪৮৭। বিজ্ঞপ্তি।