ঠিকানা মিলছে না নিহত দুই ভাইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাটারা থানার জোয়ারসাহারা থেকে লাশ উদ্ধারের এক দিন পার হয়ে গেলেও নিহত দুই ভাই মো. জাবেদ ও মো. জামশেদের ঠিকানা খুঁজে পায়নি পুলিশ। এমনকি কোনো আত্মীয়স্বজনেরও হদিস মেলেনি। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) কৃপা সিন্দু বালা প্রথম আলোকে বলেন, জামশেদের একটি পাসপোর্ট জব্দ করা হয়েছে। পাসপোর্টে ঢাকার ঠিকানা হিসেবে বড় মগবাজারের একটি বাসার উল্লেখ আছে। কিন্তু সেখানে গেলে লোকজন জানায়, ওই নামে কেউ সেখানে থাকতেন না। জামশেদ পূর্ব বারিধারায় একটি বায়িং হাউসে চাকরি করতেন। বর্তমানে ওই প্রতিষ্ঠানটি স্থান পরিবর্তন করে অন্যত্র চলে গেছে। প্রতিষ্ঠানটির নতুন ঠিকানাও পাওয়া যায়নি। পুলিশ পরিদর্শক বলেন, ‘পাসপোর্টে জাবেদ ও জামশেদের বাবার নাম সিরাজুল ইসলাম লেখা আছে। সিরাজুল একজন পুলিশ কর্মকর্তা ছিলেন বলেও পাসপোর্টে উল্লেখ আছে। আমরা আগামীকাল (আজ) পুলিশ সদর দপ্তরে খোঁজ নেব।’ তিনি বলেন, ‘আরও কয়েক দিন নিহতদের ঠিকানা ও স্বজনদের খোঁজ করব। কাউকে পাওয়া না গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী লাশ দাফনের ব্যবস্থা করা হবে।