ঠিকানার দুই দশক পূর্তি উদ্যাপন
নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা পত্রিকা ঠিকানার দুই দশক পূর্তি উৎসব পালিত হয়েছে ঢাকায়। গত ২১ ফেব্রুয়ারি পত্রিকাটি দুই দশক পূর্ণ করেছে। আর এ উপলক্ষে গত রোববার রাজধানীর সামারাই কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে পূর্তি অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিরা মহান ভাষাশহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। উদ্বোধনী পর্ব শেষে ঠিকানা পাবলিকেশনস থেকে প্রকাশিত ঠিকানা ও এনার সভাপতি সাঈদ-উর রবের ‘আমার ভাবনা’ ও ‘ঠিকানার মুখোমুখি সেরা ১৩৩’ এবং সাংবাদিক মোস্তফা কামালের ‘প্রিন্ট-ইলেকট্রনিক সাংবাদিকতার কলাকৌশল’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ভাষাসৈনিক আবদুল মতিন। ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীন অনুষ্ঠানে বক্তব্য দেন।উপাধ্যক্ষ আবদুস শহীদ, রাশেদা কে চৌধুরী, রহমত উল্লাহ, মনোয়ার হোসেন চৌধুরী, মাহবুব উদ্দিন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।