ঠোঁট কাটা-তালু ফাটা শিশুরা চিকিৎসা পাচ্ছে শিশু হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাচ্চার নাম ইমন হোসেন মর্ম। জন্মের পর সবাই হের মারে গাইল পাড়ছে। ছেলের ঠোঁট নাই, তালু নাই। কিন্তুক আমি হাল ছাড়ি নাই। আমি জানতাম, তার ঠোঁট-তালু ঠিক হইব। সে লেখাপড়া শিখব, কথা কইব, মানুষ হইব। সকলে তার মর্ম বুঝব! এই বুইঝাই নাম রাখছি মর্ম।’ গতকাল সোমবার ঢাকা শিশু হাসপাতালের তৃতীয় তলায় দাঁড়িয়ে একগাল হেসে কথাগুলো বলছিলেন হাসনা হামিদ। শেরপুরের বেতমারী নামের এক প্রত্যন্ত গ্রাম থেকে ভাইয়ের দেড় বছরের ছেলেকে নিয়ে এসেছেন এই নারী। হাসনা হামিদ বলছিলেন, ছেলেটির জন্মের পর মুখে দুধ দিলে গলা দিয়ে পেটে পৌঁছাত না, নাক দিয়ে বেরিয়ে যেত। একদিন এলাকার এক চিকিৎসকের পরামর্শে ঢাকা শিশু হাসপাতালে আসেন হাসনা। চিকিৎসকেরা ঠোঁটটা সেলাই করে দিয়েছেন। আনন্দিত মা এমিলি বেগম দেখালেন, চিকিৎসার পর ইমনের দাঁত উঠেছে। সে খেতে পারে। এবার এসেছেন তালুটা ঠিক করিয়ে নিতে। ছেলে তাহলে কথা বলতে পারবে। বাংলাদেশে প্রতি বছর ইমনের মতো সমস্যা নিয়ে ১২ হাজারেরও বেশি শিশু জন্মায়। এই শিশুদের হাসির অধিকারটুকু ফিরিয়ে দিতে ঢাকা শিশু হাসপাতালের সঙ্গে কাজ করছে আন্তর্জাতিক সংস্থা ‘অ্যালায়েন্স ফর স্মাইলস’ ও রোটারি ক্লাব। আগামী দুই সপ্তাহ অ্যালায়েন্স ফর স্মাইলসের ২২ সদস্যবিশিষ্ট চিকিৎসক দলটি শিশু হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ঠোঁট কাটা, তালু ফাটা শিশুদের শল্য চিকিৎসা করবে। অ্যালায়েন্স ফর স্মাইলসের নির্বাহী পরিচালক অনিতা স্ট্যাঞ্জল হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশসহ বেশ কিছু উন্নয়নশীল দেশে এ ধরনের শিশুদের চিকিৎসা হচ্ছে, কিন্তু পূর্ণাঙ্গ চিকিৎসা হয় না। তিন মাস বয়সে ঠোঁট সেলাই, একবছর বয়সে তালু ঠিক করার পরও তালু, চোয়াল পুরোপুরি ঠিক করতে ১৫ বছর বয়স পর্যন্ত নিয়মিত চিকিৎসা করাতে হয়।’হাসপাতালের শল্যচিকিৎসা বিভাগের প্রধান এ আর খান বলেন, এ ধরনের কর্মশালায় রোগীরা বিনা মূল্যে অত্যাধুনিক চিকিৎসার সুযোগ পাবে। রোটারি ক্লাব অব গুলশান লেক সিটি প্রজেক্টের চেয়ারম্যান মুহম্মদ জয়নুল আবেদীন বলেন, দুই বছর আগেও বিনা মূল্যে ১১২ জন শিশুর চিকিৎসা হয়েছিল। এ বছর তাঁদের লক্ষ্যমাত্রা ১৫০ বা তার বেশি।