ডা. মিলন দিবসে এরশাদের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ ডা. মিলনের মা সেলিনা আক্তার এরশাদ সরকারের বিচার দাবি করেছেন। গতকাল রোববার শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত সভায় তিনি এই দাবি জানান।গতকাল ছিল ডা. শামসুল আলম খান মিলনের ২১তম মৃত্যুবার্ষিকী। ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরশাসকের সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। মিলনের মৃত্যুর পর স্বৈরশাসকবিরোধী আন্দোলন তীব্র হয়। সেলিনা আক্তার বলেন, জাতিকে কালিমামুক্ত করতে হলে এরশাদ সরকারের বিচার করতে হবে। সারা বিশ্বে স্বৈরাচারের বিচার হয়েছে। শুধু বাংলাদেশে কিছু হয়নি।জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, মিলন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশে এখনো গণতন্ত্র নিরাপদ নয়।বিএমএর সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত।অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘শহীদ ডা. মিলন সংসদ’ আয়োজিত সভায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এরশাদকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। দিবসটি উপলক্ষে জাসদ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে। বাংলাদেশ ছাত্রলীগ ডা. মিলন চত্বরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মিলনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও ফাতেহা পাঠ করে।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারাও শহীদ মিলনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।