ডা. মিলনের স্বপ্ন ২২ বছরেও পূরণ হয়নি
দীর্ঘ ২২ বছরেও শহীদ ডা. শামসুল আলম খান মিলনের স্বপ্ন পূরণ হয়নি। যে স্বৈরাচারের পতনের আন্দোলনে মিলন প্রাণ দিয়েছিলেন, সেই ‘স্বৈরাচার’ এখন সরকারের অংশ। মিলন যে সর্বজনীন স্বাস্থ্যসেবার স্বপ্ন দেখেছিলেন, তা-ও বাস্তবায়িত হয়নি। গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ চত্বরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত আলোচনা সভায় মিলনের মা এবং ১৯৯০ সালের গণ-আন্দোলনে নেতৃত্ব দেওয়া একাধিক রাজনৈতিক নেতা এসব কথা বলেন। হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে শহীদ ডা. মিলনের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচির অন্যতম ছিল বিএমএর ওই আলোচনা সভা। দিবসটি উপলক্ষে বিএমএর নেতারা সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে মিলনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া পাঠ করেন। পরে সেখান থেকে শোক র্যালি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপের মিলন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। শহীদ শামসুল আলম খান মিলন বিএমএর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।বিএমএ আয়োজিত আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, ‘মিলনের স্বপ্ন ছিল স্বাস্থ্যসেবাকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেওয়ার। আমরা তা বাস্তবায়নের জন্য কাজ করছি।’ বিএমএর সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমএ মহাসচিব শারফুদ্দিন আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ইকবাল আর্সলান, বিএমএর সাবেক সভাপতি সোহরাব আলী প্রমুখ।এ ছাড়া, দিবসটি উপলক্ষে কর্মসূচি পালন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ ছাত্রলীগ ও ন্যাশনাল আওয়ামী পার্টি।