ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দিতে ব্যর্থ হলে উপাচার্যকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক নেতারা। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসু নির্বাচনের দাবিতে ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবী-কর্মকর্তা-কর্মচারীদের সংহতি সমাবেশে তাঁরা এ আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ এ সমাবেশের আয়োজন করে। ২২ বছর ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনের উদ্যোগ না নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ তৈরি করেন। ডাকসু নির্বাচনের দাবিতে গড়ে ওঠা এই সংগঠনের সঙ্গে একাত্মতা পোষণ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাম ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীরা। ডাকসু নির্বাচন না দেওয়ায় গণতান্ত্রিক সরকারের সমালোচনা করে ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, নয় বছরের স্বৈরশাসন আমলে এরশাদও ডাকসু নির্বাচন দিয়েছিলেন। কিন্তু দুই দশক ধরে যাঁরা গণতন্ত্রের চর্চা করে আসছেন তাঁরা এ নির্বাচন দিচ্ছেন না। এটাই তাঁদের আসল গণতান্ত্রিক মননের পরিচায়ক। আগামী দুই থেকে চার দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাকসু নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন। ওই বিশ্ববিদ্যালয় আন্দোলনমুখর হওয়া সত্ত্বেও যদি উদ্যোগ নেওয়া সম্ভব হয়, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় কেন? তিনি বলেন, ডাকসু নির্বাচন দেওয়ার পরিবেশ নেই—এটা একজন লজেন্স খাওয়া শিশুকে বললেও বিশ্বাস করবে না। তিনি উপাচার্যকে উদ্দেশ করে বলেন, পারলে নির্বাচন দেন, না পারলে চলে যান। আন্দোলনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান বলেন, সত্তরের দশকে যখন ডাকসু নির্বাচন হতো তখন হাজার হাজার শিক্ষার্থী সমাবেশে অংশ নিতেন। এখনকার শিক্ষার্থীদের মাঠে নামতে হবে দাবি আদায়ের জন্য। ডাকসুর আরেক সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, গত দুই দশকেও শিক্ষার্থীরা কেন ডাকসু নির্বাচন করতে পারছেন না? তিনি বলেন, পরীক্ষার তারিখ যেভাবে নির্ধারিত থাকে, ডাকসু নির্বাচনের তারিখও সেভাবে নির্ধারিত রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব হচ্ছে নিয়মিত ক্লাস-পরীক্ষা ও নির্বাচনের ব্যবস্থা করা। ক্লাস নেওয়ার পাশাপাশি নির্বাচন না দিতে পারলে উপাচার্যকে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। দাবি আদায়ে প্রয়োজনে ডাকসুর সাবেক নেতারাও মাঠে নামবেন বলে তিনি ঘোষণা দেন। সাবেক ভিপি আ স ম আবদুর রব উপাচার্যকে উদ্দেশ করে বলেন, পদলেহনকারী ও অন্যের আজ্ঞাবহ দাস হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে থাকা উচিত নয়। নির্বাচন দেওয়া উপাচার্যের কর্তব্য। না দিতে পারলে পদত্যাগ করুন। সমাবেশ সঞ্চালনা করেন আইইআর শিক্ষার্থী তৌফিক ইমাম। শিক্ষার্থী অধিকার মঞ্চের মুখপাত্র নূর বাহাদুরের সভাপতিত্বে সংহতি সমাবেশে অন্যান্যের মধ্যে ফেরদৌস আহমেদ কোরেশী, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ আলী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকীসহ বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।