ডাকসু নির্বাচনের বিষয়ে হাইকোর্টে রিট দায়ের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ নেওয়ার বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের করা হয়।আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ জানান, ডাকসু নির্বাচনের পদক্ষেপ নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু এর জবাব না দেওয়ায় নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে গতকাল রিট আবেদনটি করা হয়। আজ বৃহস্পতিবার এর ওপর শুনানি হতে পারে। বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর পক্ষে গত ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও কোষাধ্যক্ষের বরাবরে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে এক সপ্তাহের মধ্যে নির্বাচনের ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। অন্যথায় রিট দায়ের করা হবে বলে উল্লেখ করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল রিটটি করা হয়।আবেদনকারীরা জানান, আবেদনে সুনির্দিষ্ট সময়ের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে বিবাদীদের ব্যর্থতা কেন ঘোষণা করা হবে না এবং অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ কেন দেওয়া হবে না, এই মর্মে রুল চাওয়া হয়েছে।