ডাকসুসহ সব ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবি
শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে ডাকসুসহ সব ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১১তম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান।বক্তারা বিশ্বব্যাংক-নির্দেশিত ইউজিসি কৌশলপত্র বাতিল ও হলসহ ক্যাম্পাসের সর্বত্র সরকারদলীয় ছাত্রসংগঠনগুলোর দখলদারি অবসানেরও দাবি জানান। কাউন্সিলের উদ্বোধন করেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আফজালুর রহমান।বক্তারা বলেন, দলীয় বিবেচনায় নিয়োগ ও অনিয়ম লাগামছাড়াভাবে চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে ছাত্রদের দাবি ও মতামতের চেয়ে ব্যবসায়ী-আমলাদের মন্তব্য প্রাধান্য পেয়েছে। ২২ বছর ধরে ডাকসুর নির্বাচন না দিয়ে স্বৈরশাসনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।সম্মেলনে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহবুব ইরান, কেন্দ্রীয় সদস্য আবদুস সালাম। সম্মেলন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সামিয়া রহমান।