ডাকাত শহীদের দুই সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার সূত্রাপুরের টিপু সুলতান রোডের একটি নির্মাণাধীন বাড়ি থেকে গত শুক্রবার রাতে ডাকাত শহীদের (ক্রসফায়ারে নিহত) দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ডিবি সূত্র জানায়, গত শুক্রবার রাতে ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান জানতে পারেন, ওই এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে ক্রসফায়ারে নিহত ডাকাত শহীদের দুই সহযোগী ফেনসিডিল কেনাবেচা করছেন। রাত ১০টার দিকে তাঁর নেতৃত্বে ডিবির একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ভাগনে ফারুক (২৩) ও আল-আমিনকে (২৪) গ্রেপ্তার করা হয়। স্বীকারোক্তির ভিত্তিতে তাঁদের কাছ থেকে দুটি পিস্তল, পাঁচটি গুলি ও ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান জানান, আল-আমিন ফেনসিডিল বহন ও বিক্রি করতেন। তিনি ভাগনে ফারুকের ঘনিষ্ঠ। পুরান ঢাকার ব্যবসায়ীদের মুঠোফোন নম্বরও সংগ্রহ করতেন আল-আমিন। পরে ভাগনে ফারুক ওই ব্যক্তিদের মুঠোফোনে যোগাযোগ করে চাঁদাবাজি করতেন। ডিবির কর্মকর্তা জানান, ভাগনে ফারুকের বিরুদ্ধে সূত্রাপুর, যাত্রাবাড়ী, ওয়ারী, নিউমার্কেট থানায় অস্ত্র, হত্যা, বিস্ফোরক আইন ও চাঁদাবাজির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।