চার সহযোগীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ
ডাকাত শহীদের সঙ্গীরা সংগঠিত হচ্ছিল ছাত্রলীগ নেতাকে ঘিরে!
অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া সূত্রাপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেজবাহউদ্দীন আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার হওয়া সবাই গত ৩ জুলাই ‘ক্রসফায়ারে’ নিহত শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহীদের সঙ্গী বলে জানিয়েছে ডিবি। ওই ছাত্রলীগ নেতার আশ্রয়-প্রশ্রয়ে আবারও সংগঠিত হচ্ছিল ডাকাত শহীদের কিছু অনুসারী।তবে মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মেজবাহউদ্দীন আহমেদ ওরফে জিকু নির্দোষ। স্থানীয় সাংসদের সঙ্গে দ্বন্দ্বের কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।ডিবি জানায়, মেজবাহউদ্দীনের তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পুরান ঢাকা থেকে তিনটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, তিনটি ম্যাগাজিন ও ১০টি গুলিসহ চারজনকে গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো: মো. রাসেল ওরফে পাতা রাসেল ওরফে বোমা রাসেল, মো. তুষার, মামুন ওরফে পিচ্চি মামুন এবং মো. ইব্রাহিম। সবাই সদ্য কৈশোর উত্তীর্ণ।গতকাল ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এদের হাজির করা হয়। সেখানে বক্তব্য দেন ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান ও সহকারী কমিশনার এ কে এম মাহবুবুর রহমান।‘ভাইগনা’ ফারুক ও মেজবাহউদ্দীন: অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান বলেন, গত ১০ আগস্ট ডাকাত শহীদের অন্যতম সহযোগী ফারুক ওরফে ‘ভাইগনা’ ফারুক ও আল আমিনকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। ফারুক জানায়, ওই অস্ত্র দুটির একটির মালিক সূত্রাপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেজবাহউদ্দীন। পরে ওই অস্ত্র উদ্ধারের মামলায় মেজবাহউদ্দীনকে আসামি করা হয়। ২ অক্টোবর রাতে ওয়ারী থানা পুলিশের সহায়তায় মেজবাহউদ্দীনকে গ্রেপ্তার করে ডিবি। আদালতের নির্দেশে তাঁকে দুই দিনের হেফাজতে (রিমান্ডে) নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মেজবাহউদ্দীন ডিবির জিজ্ঞাসাবাদে রাসেল ও তুষার সম্পর্কে তথ্য দেন। এরপর তাদের গ্রেপ্তার করা হয়।মেজবাহকে নির্দেশনা দিত ডাকাত শহীদ: সংবাদ সম্মেলনে গ্রেপ্তার হওয়া রাসেল বলেছে, সে ও তুষার বন্ধু। মেজবাহউদ্দীন ও ভাইগনা ফারুক তাঁদের কাছে অস্ত্র রাখতেন। নেপাল থেকে তাঁদের ফোন করে বিভিন্ন কাজের নির্দেশ দিত ডাকাত শহীদ। তার নির্দেশ পেয়ে ছাত্রলীগের নেতা মেজবাহউদ্দীন ও ফারুক ‘কাজের’ পরিকল্পনা করতেন। সে অনুযায়ী বিভিন্ন জায়গায় অস্ত্র পৌঁছে দেওয়ার হুকুম পেত রাসেল ও তুষার। এ ছাড়া রাসেল ককটেল বানাতে পারে। ককটেল বানাতে গিয়েই বিস্ফোরণে রাসেলের বাঁ চোখ প্রায় অন্ধ হয়ে গিয়েছে। তুষার বলেছে, মেজবাহউদ্দীন ও ভাইগনা ফারুক পরস্পরের বন্ধু। তাদের সঙ্গে ডাকাত শহীদের সরাসরি যোগাযোগ হতো। ফারুককে ভাইগনা বলে সম্বোধন করত ডাকাত শহীদ।মামুন জানায়, মেজবাহউদ্দীন ও ফারুক তার কাছে অস্ত্র রাখতে দিতেন। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, ডাকাত শহীদের নির্দেশে এরা বৃহত্তর সূত্রাপুর, যাত্রাবাড়ী, ওয়ারী ও গেন্ডারিয়া এলাকার ধনী ব্যক্তিদের ফোন নম্বর সংগ্রহ, ফোনে হুমকি দেওয়া, তাঁদের কাছ থেকে চাঁদার টাকা সংগ্রহ এবং ভয় দেখানোর কাজ করত। ডাকাত শহীদ নিহত হওয়ার পর এরা মেজবাহউদ্দীনের আশ্রয়ে এসে আবার দল গোছাতে শুরু করে। ডিবি জানায়, জমা রাখা অস্ত্র নিয়ে মাঝেমধ্যেই ছিনতাই করত রাসেল, তুষারসহ অন্যরা। মামুন মাদকের বাহকের কাজ করত। মামুন গাড়ি মেরামত কারখানায় কাজ করলেও রাসেল ও তুষার কিছুই করে না।ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বলেন, মেজবাহউদ্দীনের কোনো অপরাধ ছিল না। স্থানীয় এক সাংসদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব রয়েছে। ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান বলেন, মেজবাহউদ্দীন এর আগেও অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। জেলও খেটেছেন। এরপর কিছুদিন দুবাইয়ে অবস্থানের পর ঢাকায় এসে ছাত্রলীগ নেতা হয়ে যান। গতকাল তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।