ডাকাত সন্দেহে চারজন গ্রেপ্তার, গুলিবিদ্ধ ১
গুলশানের শাহজাদপুরে একটি মার্কেটে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে গুলশান পুলিশ। এ সময় পুলিশের গুলিতে একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে হাজারীবাগের ঝাউচর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এঁরা হলেন মো. রিপন, মনির হোসেন, সজীব আহমেদ ও আল-আলিম। গুলিবিদ্ধ রিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে থানায় নিয়ে আসা হয়েছে। গুলশান থানার এসআই জয়নাল আবেদিন বলেন, গত ১৮ জানুয়ারি শাহজাদপুরের হাজী জমির উদ্দিন মার্কেটের কয়েকটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ ব্যাপারে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা হয়। মামলার তদন্তে জড়িত ব্যক্তিদের সম্পর্কে নিশ্চিত হয়ে মঙ্গলবার ভোরে হাজারীবাগের ঝাউচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রিপন পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় রিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।