ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন স্থানে গত শনিবার পৃথক অভিযানে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত আড়াইটার দিকে রাজধানীর সূত্রাপুর থানার হাটখোলা সড়কের ফকিরবানু ভবনের সামনে থেকে মাইক্রোবাসসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলেন, শহীদ পেদা (৪০) ও বিল্লাল হোসেন ওরফে বেলাল (৪৫)। পুলিশের অভিযোগ, গ্রেপ্তার হওয়া দুজন রাজধানীর নর্থব্রুক রোড মসজিদের পাশে মাইক্রোবাসযোগে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। ধাওয়া করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আটক মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে একটি স্যুটারগান, দুইটি কার্তুজ, একটি চাপাতি, একটি হ্যান্ডক্যাপ, একটি বাঁশি, দুই সেট পুলিশের পোশাক, একটি বেল্ট, একটি ক্যাপ, একটি কার্টার মেশিন, দুটি লোহার শাবল, একটি পুলিশের ব্যবহূত সিগন্যাল লাইটসহ বেশ কিছু মালামাল উদ্ধার করেছে। পুলিশ জানায়, অন্য এক অভিযানে সূত্রাপুর থানার কাপ্তানবাজার এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন: মিলন (২৫), রুবেল (২০), জুয়েল (২০), বেলাল (২০), কাউসার (১৮), জাহাঙ্গীর (২০), সুমন (২৬) ও রাজা (২০)। গ্রেপ্তার হওয়া ওই আটজনের কাছ থেকে ছিনতাইকৃত ২০ হাজার ৪০০ টাকা ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।