ডালা সাজিয়ে গাঁজা বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূর থেকে মনে হতে পারে এটা কোনো সাধারণ হাটবাজার। সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রই বিক্রি হচ্ছে। কাছে ভিড়ে একটু তিক্ষ্ণ দৃষ্টি দিলেই মিলে যাবে রহস্য। পণ্য কেনাবেচার আড়ালে চলছে গাঁজা কেনাবেচা। মাদকসেবী ক্রেতাদের কাছে এই বাজারের সবকিছুই চেনাজানা। গতকাল বিকেলে রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন রেললাইন এলাকায় গেলে মাদকদ্রব্য বেচাকেনার এমন দৃশ্যই চোখে পড়ে।
একটি ঘরের সামনে ডালাভর্তি গাঁজা নিয়ে লোকজনকে ডাকছিলেন এক নারী। পাশে তাঁর শিশু সন্তান। জানতে চাইলে ওই নারী বলেন, ‘আগে গার্মেন্টসে চাকরি করতাম। যা পাইতাম পোষায় না। তাই গাঁজা বিক্রি করি।’ ছবি তুলতে গেলে ওই নারী ডালা ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলেন।’
ওই ঘরের পাশেই ডালা সাজিয়ে গাঁজা বিক্রি করছিলেন তিন-চারজন নারী। পাশেই এক ব্যক্তি। কাছে গেলে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘সাংবাদিক! ছবি তুইলা কোনো লাভ নাই। থানা-পুলিশ ম্যানেজ করা আছে।’
এই পেশায় কেন, জানতে চাইলে ওই ব্যক্তি বলেন, ‘আপনি আমারে চাকরি দিলে পাঁচ হাজার টাকার বেশি বেতন দিতে পারবেন না। কিন্তু আমি গাঁজা বেইচা মাসে ৫০ হাজার টাকা কামাই।’
এখানেও ছবি তুলতে গেলে এক নারী তেড়ে এসে বলেন, ‘খবরদার ছবি তুলবেন না। এখান থেকে চলে যান। সবাই মিলে ধরলে বাঁচতে পারবেন না।’ কয়েকজনের নাম পরিচয় জানতে চাইলে এক নারী ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘কী করবেন। পেপারে ছাপাইবেন। যান, ছাপান। কেউ কিছু করতে পারবে না।’
স্থানীয় কয়েকজন দোকানদার বলেন, এই এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চলছে। তবে কিছুদিন থেকে এভাবে ডালা সাজিয়ে প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি শুরু হয়েছে। মনে হচ্ছে, কয়েক দিন পর মাদক ব্যবসায়ীরা দোকানই খুলে বসবেন।
এভাবে ডালা সাজিয়ে মাদক বিক্রির বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘কি বলেন! এভাবে মাদক বিক্রি হচ্ছে!’
ওসি বলেন, ‘আমরা এই মাদকদ্রব্যের ব্যবসা বন্ধ করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত এক মাসে মাদকদ্রব্য বিক্রির দায়ে ১৯৫ জনকে সাজা দেওয়া হয়েছে। অর্ধশতাধিক মামলাও হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা এখন সাধারণ পোশাকে টহল দিতে পারি না। ফলে পুলিশ গেলে সবাই সবকিছু লুকিয়ে ফেলে। আমি এক্ষুণি পুলিশের একটি দল পাঠাচ্ছি।’