ডায়াবেটিস সম্পর্কে পর্যাপ্ত শিক্ষাই ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের প্রধান চিকিত্সা। এ রোগ সম্পর্কে রোগীদের পুরোপুরি জানা প্রয়োজন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও এ সম্পর্কে সচেতন থাকার জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ডায়াবেটিস ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত এক বৈজ্ঞানিক সম্মেলনে আলোচকেরা এ কথা বলেন। সানোফি অ্যাভেনটিস এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ডায়াবেটিস রোগীদের জন্য একটি নতুন ওষুধের পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান বলেন, ডায়াবেটিসের রোগীকে অসুখটি সম্পর্কে জানতে হবে। সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম, ওষুধ গ্রহণ ও পরীক্ষার পাশাপাশি ডায়াবেটিস বিষয়ে পর্যাপ্ত তথ্য জানা প্রয়োজন। অনুষ্ঠানের সভাপতি বারডেম হাসপাতালের অধ্যাপক হাজেরা মাহতাব বলেন, সুস্থ থাকার জন্য ডায়াবেটিস রোগীকে এ বিষয়ে শিক্ষিত করে তোলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য রোগীকে কতটুকু বোঝানো গেছে তার ওপর নির্ভর করছে চিকিত্সকদের সফলতা।