ডায়াবেটিসে আক্রান্ত মা জন্ম দিতে পারেন প্রতিবন্ধী শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মধ্যে গর্ভাবস্থায় আক্রান্তের সংখ্যা ২০ থেকে ৩০ শতাংশ। বিশ্বের অন্যান্য দেশে এ সংখ্যা ১২ থেকে ১৮ শতাংশের বেশি নয়। ডায়াবেটিসে আক্রান্ত মায়ের নিজের জীবনের ঝুঁকি বেশি। তিনি প্রতিবন্ধী শিশুরও জন্ম দিতে পারেন।
গতকাল রোববার বিএসএমএমইউ-এর শহীদ ডা. মিলন হলে ‘গর্ভাবস্থায় ডায়াবেটিসে মা ও শিশুর ঝুঁকি, চিকিৎসা, প্রতিরোধ ও করণীয়’ শীর্ষক মাসিক সেমিনার অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে ডায়াবেটিস ও হরমোন বিভাগের চিকিৎসকেরা বলেন, ডায়াবেটিসে আক্রান্ত গর্ভবতী মায়ের ঝুঁকি, অন্যান্য গর্ভবতী মায়ের তুলনায় কয়েক গুণ বেশি। মায়ের গর্ভে জন্মের অল্প কয়েক দিন পর শিশুর মৃত্যু হতে পারে। এ সময় মায়েরা ডায়াবেটিসে আক্রান্ত হলে রোগটি সারা জীবন থেকে যাওয়ারও আশঙ্কা থাকে।
সেমিনারে বিএসএমএমইউ-এর এন্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান আবুল হাসনাত বলেন, ডায়াবেটিসে আক্রান্ত নারী বা গর্ভধারণের পর ডায়াবেটিসে আক্রান্ত নারীর রক্তে গ্লুকোজের মাত্রা বেশি হলে তা মায়ের প্লাসেন্টা থেকে সরাসরি শিশুর শরীরে চলে যায়। গ্লুকোজ বেশি যাওয়ায় শিশুর দেহ দ্রুত বাড়ে। শিশুটি বেশি বেড়ে যাওয়ায় মা প্রসবকালীন জটিলতায় ভোগেন। সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যুও হতে পারে।
চিকিৎসকেরা গর্ভাবস্থায় ডায়াবেটিস প্রতিরোধের জন্য মায়ের ওজন ঠিক রাখা, ঠিক বয়সে সন্তান ধারণ করা, সন্তান ধারণের আগে মায়ের ডায়াবেটিস পরীক্ষা করানোসহ চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন।
সেমিনারে প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান বলেন, বাংলাদেশে গর্ভাবস্থায় ডায়াবেটিসের চিকিৎসাসেবা সম্পর্কে মানুষ খুব কম জানে। জনসচেতনতা সৃষ্টির ওপর জোর দেন তিনি।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও পরামর্শকেরা উপস্থিত ছিলেন। যোগ দিয়েছিলেন বারডেম হাসপাতালের চিকিৎসকেরাও।