ডায়াবেটিসে সুস্থ থাকতে রোগীর ভূমিকাই মুখ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়াবেটিস এমন একটি রোগ, যেখানে ভালো থাকার কৃতিত্ব রোগীর। রোগীকে এই রোগ সম্পর্কে বেশ ভালোভাবে জানতে হবে। চিকিত্সক কেবল পরামর্শ দিতে পারেন। রোগীর কাছে পর্যাপ্ত তথ্য ও ইচ্ছা থাকলে সে নিজের যত্ন নিজেই নিতে পারবে।গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণসংক্রান্ত এক পরামর্শ সভায় (মিট দ্য এক্সপার্ট) বিশেষজ্ঞ চিকিত্সকেরা এ কথা বলেন। সানোফি অ্যাভেনটিস এ পরামর্শ সভার আয়োজন করে। ২০০৭ সাল থেকে সানোফি এ ধরনের পরামর্শ সভার আয়োজন করে আসছে। এ বছরের পরামর্শ সভার প্রতিপাদ্য বিষয় ছিল ‘নিয়ন্ত্রণের জন্য ক্ষমতায়ন’। পরামর্শ সভায় শিশুসহ বিভিন্ন বয়সের ডায়াবেটিস রোগী উপস্থিত ছিল। রোগীরা বিশেষজ্ঞ চিকিত্সকদের কাছে রোগের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করে।বিশেষজ্ঞরা বলেন, শিশুদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের হার বাড়ছে। সভায় বক্তারা প্রতিটি ডায়াবেটিস ক্লিনিকে স্বাস্থ্য পরামর্শক (হেলথ এডুকেটর) রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।সভায় বারডেমের অধ্যাপক ফারুক পাঠান বলেন, ডায়াবেটিস রোগটি অন্য রোগের মতো নয়। অন্য রোগে চিকিত্সকেরাই মূল দায়িত্ব পালন করেন। কিন্তু ডায়াবেটিসে রোগীর ভূমিকাই মুখ্য। রোগ সম্পর্কে রোগীর কাছে তথ্য ও জ্ঞান থাকা প্রয়োজন। তিনি আরও বলেন, চিকিত্সক কেবল চিকিত্সার পরামর্শ দিতে পারেন, কিন্তু নিয়ম মেনে তা গ্রহণ করার দায়িত্ব রোগীরই। যে রোগী যত বেশি নিজের শরীরের প্রতি নজর রাখতে পারবে, সে তত ভালো থাকবে।সভা শেষে সংগীত পরিবেশন করেন শিল্পী সাদী মহম্মদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারডেমের অধ্যাপক হাজেরা মাহতাব, জাফর আহমেদ লতিফ, খাজা নাজিম উদ্দিন ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ফজিলাতুন্নেসা মালিক।