ডায়াবেটিসের রোগীদের চিকিৎসায় হেলথ লাইন চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কল সেন্টার ‘ইব্রাহিম হেলথ লাইন’ গতকাল সোমবার বারডেম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এতে নতুন ডায়াবেটিসের রোগীদের উদ্বুদ্ধ করতে তাদের জন্য নিবন্ধন ফি (এক বছরের জন্য) নির্ধারণ করা হয়েছে ১২৫ টাকা, পুরোনোদের ৩০০ টাকা।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে মুঠোফোনে কল সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে কোনো অর্থের প্রয়োজন হবে না। কল সেন্টারে অবস্থানরত চিকিৎসক প্রয়োজন মনে করলে রোগীকে নিকটস্থ ডায়াবেটিস সেন্টার, অধিভুক্ত সমিতি, সাব-অধিভুক্ত সমিতি বা অ্যাক্রিডিটেড ফিজিশিয়ানদের কাছে পাঠাতে পারবেন। সেখানে সাশ্রয়ী ফিতে রোগী স্বাস্থ্যসেবা নিতে পারবেন। এ ছাড়া ডায়াবেটিস সুনিয়ন্ত্রণে রাখতে অন্যান্য ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রোগীদের নিয়মিত ফলোআপে থাকতে হয়। ইনসুলিন, স্বাস্থ্যসহ বিভিন্ন সমস্যায় তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শেরও প্রয়োজন হয়। ফলে এ কল সেন্টারের নির্ধারিত নম্বরে যেকোনো সময় চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন রোগীরা।
গতকাল প্রধান অতিথি হিসেবে ইব্রাহিম হেলথ লাইনের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় তিনি বলেন, দেশে প্রয়োজনের সময় স্বাস্থ্যসেবা পাওয়া অনেক কঠিন। এই হেলথ লাইনের মাধ্যমে মানুষ প্রয়োজনের সময় চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। এই সেবা দেশের স্বাস্থ্যব্যবস্থায় যুগান্তকারী ঘটনা হিসেবে চিহ্নিত হবে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ম মহাসচিব রশিদ-ই-মাহবুব, বারডেমের পরিচালক (ল্যাবরেটরি) শুভাগত চৌধুরী বক্তব্য দেন৷ বিজ্ঞপ্তি৷