বুড়িগঙ্গার পানি দূষিত করার অভিযোগে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পাঁচটি ডায়িং ও ওয়াশিং কারখানাকে জরিমানা করেছেন। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করারও নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল দুপুরে পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কেরানীগঞ্জের আগানগর এলাকার বিলাসী নামের একটি প্রতিষ্ঠানের দুটি ডায়িং অ্যান্ড ওয়াশিং কারখানায় অভিযান চালান। সেখানে তরল বর্জ্য পরিশোধানাগার খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া রং ব্যবহারে বিএসটিআই থেকে লাইসেন্স নেওয়ার পর অনেক আগেই তার মেয়াদ শেষ হয়ে গেছে। জানা গেছে, বিলাসী ডায়িং ও ওয়াশিং কারখানাটি ১৯৯২ সালে চালু করা হয়। ১৯৯৭ সালে প্রতিষ্ঠানটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য দরখাস্ত করে। নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে না পারায় এ প্রতিষ্ঠানকে ছাড়পত্র দেওয়া হয়নি। আদালত বিএসটিআই আইনে বিলাসী ডায়িং অ্যান্ড ওয়াশিং কারখানার ব্যবস্থাপক পারভেজ আহমেদকে দুই দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত মামলা করার জন্য নির্দেশ দেন আদালত। পরে আদালত একই এলাকার সারাহ ডায়িং কারখানায় অভিযান চালান। সেখানেও বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেওয়ায় আদালত বিএসটিআই আইনে ৫০ হাজার টাকা জরিমানা এবং পরিবেশ আইনে নিয়মিত মামলা করার নির্দেশ দেন। পরে আদালত একই এলাকার গ্লোবাল ওয়াশিং, মিন্টু ডায়িং অ্যান্ড ওয়াশিং, ফ্রেন্ডস ওয়াশিং কারখানায় অভিযান চালান। সেখানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেওয়ায় আদালত নিয়মিত মামলা করার জন্য নির্দেশ দেন। পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, বুড়িগঙ্গা নদী ঘেঁষে কেরানীগঞ্জে প্রায় শতাধিক ডায়িং ও ওয়াশিং কারখানা গড়ে উঠেছে। এসব কারখানা থেকে সৃষ্ট তরল বর্জ্য বুড়িগঙ্গার পানি দূষিত করছে। এদের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, বিএসটিআইয়ের লাইসেন্সও নেই। তাদের নোটিশ দেওয়া হচ্ছে। সেটি কার্যকর না হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ওই সব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (ল্যাব প্রধান) উম্মে হাসনা মোছা. আকতারুজ্জাহান প্রথম আলোকে বলেন, পানিতে দ্রবীভূত অক্সিজেনের সঠিক মাত্রা লিটারে পাঁচ মিলিগ্রাম। এর কম অক্সিজেন পাওয়া গেলে সেখানে জলজ প্রাণী বাঁচতে পারবে না। গতকাল মঙ্গলবার বুড়িগঙ্গার পানি পরীক্ষা করে অক্সিজেন পাওয়া গেছে প্রতি লিটারে ০.৩ মিলিগ্রাম। এ পানি ব্যবহার করলে মানুষের নানা চর্মরোগ হতে পারে। পান করলে হতে পারে ডায়রিয়াসহ নানা জটিল রোগ।খাবারের প্রতিষ্ঠানকে জরিমানা: পরে একই আদালত সোহাগ বেকারি নামক একটি খাবার তৈরি প্রতিষ্ঠানে অভিযান চালান। এ প্রতিষ্ঠানের বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় আদালত সাত হাজার টাকা জরিমানা করেন। সেখানে বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ পাওয়ায় আদালত ওই প্রতিষ্ঠানকে আরও তিন হাজার টাকা জরিমানা করেন। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নেতৃত্বে এ অভিযানে পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআইয়ের কর্মকর্তারা এবং মহানগর দাঙ্গা পুলিশের একটি দল অংশ নেয়।