ডায়িং কারখানা বন্ধ মালিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর দারুস সালাম এলাকার লালকুঠিতে অভিযান চালিয়ে একটি অবৈধ ডায়িং কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর এই অভিযান চালায়। গতকাল লালকুঠিতে ‘আরএম এক্সেসরিজ’ নামে একটি ডায়িং কারখানার সন্ধান পাওয়া যায়। কারখানার মালিক পরিবেশ ছাড়পত্র কিংবা অন্য কোনো দপ্তরের অনুমতিপত্র দেখাতে পারেননি। এনফোর্সমেন্ট দল কারখানার গ্যাসলাইন সম্পূর্ণ অবৈধভাবে লাগানোর প্রমাণ পায়। এ জন্য তাৎক্ষণিকভাবে কারখানা সিলগালা করে দেওয়া হয়। আগামী ১৫ দিনের মধ্যে কারখানার স্থাপনা ও মালামাল অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে কারখানার মালিক মো. রফিকুল ইসলামকে আটক করে এক লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়। ভবনের মালিককেও দুই লাখ টাকা জরিমানা করা হয়।র্যাব-২-এর সহায়তায় পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ডায়িং কারখানাটি প্রায় তিন বছর ধরে ঘনবসতিপূর্ণ লালকুঠি আবাসিক এলাকায় পরিবেশ দূষণ করছিল।গত ১০ মার্চ পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত ‘মিট দ্য পিপল’ অনুষ্ঠানে এলাকার কয়েকজন বাসিন্দা এই কারখানার বিরুদ্ধে অভিযোগ করেন। এর ভিত্তিতেই অভিযান চালানো হয়।