‘ডিএনসিসি সিভিক সেন্টারের’ নকশা চূড়ান্ত
‘ডিএনসিসি সিভিক সেন্টার’ নকশা চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের আয়োজিত প্রতিযোগিতার মধ্য দিয়ে এ স্থাপনার নকশা চূড়ান্ত করা হয়। আজ বুধবার সকালে এর ফল ঘোষণা করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে স্থপতি মো. শরীফ ইউ আহমেদের তৈরি নকশা। এ ছাড়া দ্বিতীয় স্থান অর্জন করে স্থপতি শাহ ফুয়াদ মো. সাইরাসের নেতৃত্বাধীন তিন সদস্যের তৈরি নকশা। স্থপতি মোহাম্মদ সাইফুজ্জামানের নেতৃত্বাধীন ১৪ সদস্যের তৈরি নকশাটি তৃতীয় হয়েছে।
ডিএনসিসি কর্মকর্তারা জানান, বর্তমান গুলশান-২ নম্বর মার্কেটে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সোয়া ৩ একর জায়গায় এ স্থাপনা তৈরি করা হবে। গত বছর ২৯ ডিসেম্বর নকশা প্রণয়ন নিয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সঙ্গে ডিএনসিসির একটি সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি হয়। পরবর্তী সময়ে ‘ঢাকা উত্তর সিভিক সেন্টার ও টাওয়ার ডিজাইন’ শীর্ষক উন্মুক্ত নকশা প্রতিযোগিতায় দেশের ৩৯ জন স্থপতি ও স্থাপত্য প্রতিষ্ঠান তাঁদের তৈরি নকশা জমা দেয়। ১২ থেকে ১৪ ডিসেম্বর, তিন দিন নকশাগুলো জুরি বোর্ডের মাধ্যমে বিচার-বিশ্লেষণ করা হয়।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, খুব ভালো লাগছে এ কারণে যে বাংলাদেশি স্থপতিদের তৈরি নকশাতেই বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন ‘ঢাকা উত্তর সিভিক সেন্টার ও ডিএনসিসি টাওয়ার’ নির্মাণ হতে যাচ্ছে। এটি একটি স্বপ্ন ছিল, স্বপ্নটি এখন বাস্তবায়নের পথে। অর্থও জোগাড় হয়ে গেছে। এখন বিস্তারিত নকশার কাজ শেষ হলেও সিভিক সেন্টার তৈরির কাজ হবে।
নকশায় যেসব বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে, পার্কিং সুবিধার জন্য ৫টি বেসমেন্ট, এমআরটি লাইন-৫ স্টেশনের সঙ্গে ভবনের প্রবেশ ও বের হওয়ার পথ, ভবনের উচ্চতা ৩০০ ফুট, ২২ হাজার বর্গফুটের সাইট এলাকা ও ৩ লাখ ৩৩ হাজার বর্গফুটের বাণিজ্যিক এলাকা।
অসংখ্য বাংলাদেশি স্থপতি মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন উল্লেখ করে মেয়র বলেন, আন্তর্জাতিক অঙ্গনে অসংখ্য বাংলাদেশি স্থপতি সৃজনশীল কাজের মাধ্যমে নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। তাঁরা দেশের জন্য যেমন সুনাম অর্জন করেছেন, পাশাপাশি তাঁদের কাজের মাধ্যমে দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হচ্ছে। তাই দেশের স্থপতিদের মাধ্যমেই ডিএনসিসি সিভিক সেন্টারের নকশা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাকে বাসযোগ্য সুস্থ, সচল ও আধুনিক নগরীতে রূপান্তর করতে হবে জানিয়ে মেয়র আরও বলেন, ‘আজ আমি মেয়র আতিক আছি, কাল কিন্তু থাকব না। কিন্তু এ দেশ থাকবে, শহর থাকবে, সিটি করপোরেশনের তৈরি স্থাপনা থাকবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কী রেখে যাচ্ছি তা ভাবতে হবে।
ডিএনসিসি সিভিক সেন্টার প্রসঙ্গে মেয়র আরও বলেন, বর্তমান গুলশান-২ ডিএনসিসি মার্কেটে শুধু বহুতল ভবন উঠিয়ে ফ্লোর বা দোকান বিক্রি করলে করপোরেশনের অনেক আয় হতো। কিন্তু সেটা করা হয়নি। কারণ, আমরা এমন একটি স্থাপনা তৈরি করতে চাই, যেখানে সবাই পরিবার নিয়ে আসবেন, মন ভালো করতে এসে বসবেন এবং সময় কাটাবেন। সেই লক্ষ্য নিয়ে গুলশান ডিএনসিসি সিভিক সেন্টারের নকশা করা হয়েছে।
প্রতিযোগিতায় নকশা নির্বাচনের জুরি বোর্ডে ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফরহাদ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্থাপত্য বিভাগের ডিন স্থপতি আবু সাঈদ এম আহমেদ, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ফেলো সদস্য স্থপতি কাজী এম আরিফ, সদস্য স্থপতি প্যাট্রিক ডি রোজারিও ও ২৪তম নির্বাহী পরিষদের সহসভাপতি স্থপতি খান মোহাম্মদ মুস্তফা খালীদ।
নকশায় যেসব বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে পর্যাপ্ত পার্কিং সুবিধার জন্য ৫টি বেসমেন্ট, এমআরটি লাইন-৫ স্টেশনের সঙ্গে ভবনের প্রবেশ ও বের হওয়ার পথ, ভবনের উচ্চতা ৩০০ ফুট, ২২ হাজার বর্গফুটের সাইট এলাকা ও ৩ লাখ ৩৩ হাজার বর্গফুটের বাণিজ্যিক এলাকা।
আমরা এমন একটি স্থাপনা তৈরি করতে চাই, যেখানে সবাই পরিবার নিয়ে আসবেন, মন ভালো করতে এসে বসবেন এবং সময় কাটাবেন। সেই লক্ষ্য নিয়ে গুলশান ডিএনসিসি সিভিক সেন্টারের নকশা করা হয়েছে।
এ ছাড়া ভবনের মধ্যে থাকবে ওয়েল বিইং সেন্টার, ব্যায়ামাগার, সাংস্কৃতিক কেন্দ্র, পাঠাগার, ফুড কোর্ট, দিবাযত্ন কেন্দ্র, সিনেপ্লেক্স, বাচ্চাদের খেলার জায়গা, রেস্তোরাঁ, মাল্টিপারপাস কনভেনশন হল, প্রদর্শনী কেন্দ্র, সুইমিংপুল, আর্ট গ্যালারি, সুপারশপ প্রভৃতি। আর বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য প্রদর্শনের লক্ষ্যে একটি ফ্লোরের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি করপোরেশনের আয় বাড়ানোর লক্ষ্যে পর্যাপ্ত বাণিজ্যিক দোকানও বরাদ্দ দেওয়া হবে।