ডিএনসিসির গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারওয়ান বাজার এলাকায় গতকাল রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় বিক্ষুব্ধ লোকজন বুলডোজার ভাঙচুর করে l ছবি: প্রথম আলো
কারওয়ান বাজার এলাকায় গতকাল রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় বিক্ষুব্ধ লোকজন বুলডোজার ভাঙচুর করে l ছবি: প্রথম আলো

কারওয়ান বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গতকাল মঙ্গলবার সকালে অভিযানে আসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। উচ্ছেদের সময় ব্যবসায়ী ও দোকানিদের বাধায় পড়েন উচ্ছেদকারীরা। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন উচ্ছেদের সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও ওই এলাকায় থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২টি গাড়ি ভাঙচুর করেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ বলছে, উচ্ছেদ কার্যক্রমে কোনো ভূমিকা না থাকলেও ডিএনসিসির গাড়ি ভাঙচুর ও হামলা উদ্দেশ্যপ্রণোদিত। ডিএনসিসির একাধিক কর্মকর্তা বলেন, তাঁদের ধারণা, কারওয়ান বাজারের বর্তমান দোকানগুলো মহাখালী, যাত্রাবাড়ী ও আমিনবাজারের নতুন তিনটি পাইকারি বাজারে স্থানান্তরের সিদ্ধান্তের কারণেই এ হামলা হয়েছে।

উচ্ছেদের সময় বিক্ষোভ করেন স্থানীয় ব্যবসায়ীরা l প্রথম আলো
উচ্ছেদের সময় বিক্ষোভ করেন স্থানীয় ব্যবসায়ীরা l প্রথম আলো

গতকাল সকাল ১০টার দিকে ওয়াসা ভবনের উত্তর-পূর্ব পাশের রাস্তার ৩০০ থেকে ৪০০ অবৈধ স্থাপনা ভেঙে ফেলে রাজউক। এর খানিক দূরেই ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়। দেখা যায়, অনেক আড়তদার তাঁদের দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলার আগেই কাঁচামাল সরিয়ে নিচ্ছেন।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিউর রহমানের নেতৃত্বে অভিযানে সহায়তা করে তেজগাঁও থানার পুলিশ। এ ব্যাপারে অলিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করছি।’ তিনি জানান, কারওয়ান বাজারের ৩৫, ৪২ ও ৪৪ নম্বর প্লটের স্থাপনাগুলো অবৈধ।
উচ্ছেদ চলার সময় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সামনে শতাধিক কাঁচামাল আড়তদার অভিযানের বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রতিবাদ করতে থাকেন। ম্যাজিস্ট্রেটের নির্দেশে একজন বিদ্যুৎ-সংযোগের তার কেটে দিতে গেলে তাঁকে ভয়ভীতি দেখান ব্যবসায়ীরা। বুলডোজারচালকের ওপর হামলা চালালে তিনি সামান্য আহত হন।
একপর্যায়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়ের সামনে রাখা ১২টি গাড়ি ভাঙচুর করেন। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। কারওয়ান বাজারের হাবীব ট্রেডার্সের মালিক নুরুল ইসলাম বলেন, ‘আড়তে আমাদের কোটি টাকার মালামাল আছে। রাজউক কোনো আগাম নোটিশ ছাড়া হঠাৎ এসে দোকানগুলো ভেঙে ফেলছে। এত টাকার লোকসান হলে আমরা পথে বসব।’
নোটিশ না দিয়ে উচ্ছেদের বিষয়ে ম্যাজিস্ট্রেট বলেন, ‘এই উচ্ছেদ অভিযান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। তাই আগাম নোটিশের প্রয়োজন নেই। জমির মালিকানা ঠিক থাকলেই ইচ্ছেমতো স্থাপনা ওঠানো যায় না। এর জন্য রাজউকের অনুমতি নিতে হয়। আমি চাইলেই পথের ওপর একটা পাঁচতলা বিল্ডিং তুলে ফেলতে পারি না। বিল্ডিং অবৈধ বলে উচ্ছেদ করা হলে এটি তৈরিতে যে খরচ হয়, তার সম্পূর্ণ লোকসানকে আমি বৈধ বলে দাবি করতে পারি না।’
উচ্ছেদের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকার পরেও ডিএনসিসির গাড়ি ভাঙচুর করায় বিস্মিত ডিএনসিসির কর্মকর্তারা। একাধিক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, রাজউকের বরাদ্দ করা প্লট থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু কিছু সংখ্যক দুষ্কৃতকারী মিছিল নিয়ে ডিএনসিসির গাড়ি রাখার জায়গায় প্রবেশ করে গাড়ি ভাঙচুর করেছে। কারওয়ান বাজার স্থানান্তরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ধরনের হামলা চালানো হতে পারে। গাড়ি ভাঙচুরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।