ডিএসসিসির অভিযানে বাধা, এরপর আড়াই শ দোকান উচ্ছেদ
রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া সুপার মার্কেট-২–এ অভিযান চালিয়ে ২৫০টি দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ মঙ্গলবার বেলা পৌনে একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
বিক্ষুব্ধ দোকানিরা প্রথমে অভিযান চালাতে দেননি। বেলা পৌনে একটায় অভিযান শুরু হলে পুলিশ ও করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর তাঁরা ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে কাঁদানে গ্যাস ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে পুলিশ। এরপর শুরু হয় নকশাবহির্ভূত দোকান উচ্ছেদে অভিযান।
ডিএসসিসি বলছে, এই বিপণিবিতানে ৯১১টি নকশাবহির্ভূত দোকান পাওয়া গেছে। এ জন্য পূর্বঘোষণা অনুযায়ী আজ বেলা ১১টা থেকে অভিযান শুরুর কথা ছিল। কিন্তু অভিযানের খবরে সকাল নয়টা থেকেই সড়কে অবস্থান নেন দোকানিরা। তাই নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর অভিযান শুরু হয়।
ডিএসসিসির কর্মকর্তারা বলছেন, ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এ নকশার মধ্যে মাত্র ৫৩১টি দোকান রয়েছে। দুই যুগেরও বেশি সময় আগ থেকে ওই বিপণিবিতানের গাড়ি পার্কিংয়ের জায়গা, শৌচাগারের জায়গা, ফুটপাত থেকে শুরু করে যত্রতত্র দোকানপাট নির্মাণ করা হয়। ১৯৯৬ সালে গাড়ি পার্কিংয়ের জায়গায় নির্মিত দোকানগুলোকে অস্থায়ী বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু করে করপোরেশন। সবশেষ ২০১২ সালে ফুটপাতসহ বিভিন্ন জায়গায় গড়ে ওঠা নকশাবহির্ভূত দোকানগুলোকে অস্থায়ী বরাদ্দ দেওয়া হয়।
ডিএসসিসির রাজস্ব বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, অস্থায়ী দোকান বরাদ্দের ক্ষেত্রে অন্যতম শর্ত হলো করপোরেশন চাইলে যেকোনো সময় তা উচ্ছেদ করতে পারবে। এ জন্য নিয়ম মেনেই তারা আজ অভিযান চালিয়েছে। কিন্তু দোকানিদের দাবি, তাঁরা অস্থায়ী বরাদ্দ পাওয়ার পর নির্ধারিত ভাড়া পরিশোধের পাশাপাশি মার্কেট কমিটির নেতাদের লাখ লাখ টাকা দিয়েছেন। কমিটি ও আগের মেয়রের সময় কর্মকর্তারা তাঁদের আশ্বাস দিয়েছিলেন, অতিরিক্ত টাকা দিলে এসব দোকান যাতে ভাঙা না পড়ে, সে ব্যবস্থা নেওয়া হবে।
এই বিপণিবিতানের দোকানি রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, অস্থায়ী বরাদ্দ দেওয়া হলেও ২০১৮ সাল পর্যন্ত করপোরেশন ভাড়া আদায় করেনি। সাবেক মেয়রের শেষ সময়ে একসঙ্গে তিনি ৮৬ মাসের ভাড়া বাবদ প্রায় ২ লাখ টাকা দিয়েছেন। পাশাপাশি দোকান যাতে ভাঙা না পড়ে এ জন্য বিপণিবিতানের কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের লোকজনকে ৩ কিস্তিতে ১৭ লাখ টাকা দিয়েছেন। এত টাকা খরচ করেও তিনি দোকান রক্ষা করতে পারেননি।
ওসমান গনি নামের আরেক দোকানি বলেন, করপোরেশনকে ভাড়া দেওয়ার পাশাপাশি তাঁর কাছে থেকে ২ কিস্তিতে ১২ লাখ টাকা নেওয়া হয়েছে। এই টাকা করপোরেশনের সর্বোচ্চ কর্তাব্যক্তিদের দেওয়া হবে বলে নেওয়া হয়েছিল। কিন্তু তাঁকে এখন পথে বসতে হবে। তিনি পুনর্বাসনের জন্য করপোরেশনের প্রতি অনুরোধ জানান।
এসব অভিযোগের বিষয়ে কথা বলতে বিপণিবিতানের সভাপতি দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। দোকানিরা জানান, দেলোয়ার বর্তমানে সিঙ্গাপুরে আছেন বলে তাঁরা শুনেছেন। ক্যাসিনোবিরোধী অভিযানের সময়ও গ্রেপ্তার এড়াতে তিনি দেশের বাইরে চলে গিয়েছিলেন বলে জানান দোকানিরা।
সাবেক মেয়র সাঈদ খোকনের সময় প্রধান রাজস্ব কর্মকর্তার দায়িত্বে ছিলেন ইউসূফ আলী সরদার। নতুন মেয়র দায়িত্ব নেওয়ার পরদিন নানা অনিয়মের অভিযোগে এই কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন। দোকানিদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া এবং ফুটপাতে অস্থায়ী বরাদ্দ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, নানা প্রেক্ষাপটে বাধ্য হয়ে করপোরেশনকে নকশাবহির্ভূত এসব দোকান অস্থায়ী বরাদ্দ দিতে হয়েছে। তবে ভাড়ার বাইরে কোনো টাকা করপোরেশন নেয়নি বলে দাবি করেন তিনি।
ডিএসসিসির এই অভিযানকে ঘিরে আজ দিনভর ফুলবাড়িয়া এলাকায় থমথমে পরিস্থিতি ছিল। চকবাজার জোনের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, বিক্ষুব্ধ দোকানিরা ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁরা ২৯ রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়েছেন।
অভিযান শেষে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রথম আলোকে বলেন, প্রথম দিনে তাঁরা ২৫০টি দোকান ভেঙেছেন। কাল বুধবার আবারও অভিযান শুরু হবে।