ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্র ইউনিয়ন আয়োজিত প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে।
ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে এ দাবি জানানো হয়।

ছাত্র ইউনিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর’ শীর্ষক এ অনুষ্ঠানে সংহতি জানায় মেঘদল, উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ যুব ইউনিয়ন, সহজিয়া, বাংলা ফাইভসহ কয়েকটি সংগঠন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন জনমনে ভীতির সঞ্চার করছে। এ আইনের মারপ্যাঁচে গ্রেপ্তার করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিরাজুম মুনিরাকে, লেখক মুশতাক, কার্টুনিস্ট কিশোরসহ অনেক শিল্পী, সাংবাদিক, বুদ্ধিজীবীকে। তাই অবিলম্বে এই আইন বাতিল করতে হবে।

ব্যান্ড মেঘদল, বাউলশিল্পী রিতা দেওয়ান, অধ্যাপক জিয়া রহমান ও অধ্যাপক শেখ হাফিজুর রহমানের বিরুদ্ধে দায়ের মামলাও প্রত্যাহারের দাবি জানান বক্তারা।