ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল বাংলাদেশ গড়তে দরকার শিক্ষিত-দক্ষ মানুষ ও যথাযথ শিক্ষা। এ জন্য বিদ্যমান শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। গতকাল শনিবার খান বাহাদুর আহ্ছানউল্লা স্মারক বক্তৃতা দেওয়ার সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল এ কথা বলেন।আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মিলনায়তনে তৃতীয়বারের মতো এই স্মারক বক্তৃতার আয়োজন করা হয়।অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবাল ‘ডিজিটাল বাংলাদেশ: পরিপ্রেক্ষিত এবং অগ্রাধিকার’ বিষয়ে বক্তৃতা দেন। বিভিন্ন ক্ষেত্রে দেশের অর্জন ও অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ‘আমরা স্বপ্ন দেখার অধিকার অর্জন করেছি। ডিজিটাল বাংলাদেশ গড়তে পারি। এটি দিবাস্বপ্ন নয়।’ তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ মানে সব কিছু কম্পিউটারাইজড হয়ে যাবে, তা নয়। এর অর্থ হলো, সব ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির যথাযথ ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে একটি সমৃদ্ধ আধুনিক দেশ গড়ে তোলা। এমন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এ দেশে তিন কোটি শিক্ষার্থী। অনেক দেশের মোট জনগণও এত নয়। এই তিন কোটি শিক্ষার্থীর শিক্ষা যদি ঠিক রাখা যায়, যথাযথ শিক্ষা দেওয়া যায়, তাহলে তারাই আশার আলো জ্বালাতে পারবে। এ জন্য শিক্ষাব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। শিক্ষার পর তিনি বিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করেন। মুহম্মদ জাফর ইকবাল ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কিছু অগ্রাধিকারের কথা বলেন। সেগুলোর মধ্যে আদর্শ হিসেবে ‘ডিজিটাল বিশ্ববিদ্যালয়’ গড়া, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে তথ্যপ্রযুক্তির অলিম্পিয়াডের ব্যবস্থা করা, ভূমিব্যবস্থা কম্পিউটারাইজড করা ইত্যাদির ওপর তিনি গুরুত্বারোপ করেন।উচ্চশিক্ষার ব্যবস্থাকে গবেষণানির্ভর করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো প্রকৃত অর্থে বিশ্ববিদ্যালয় হয়ে ওঠেনি। তিনি দ্রুত সফটওয়্যারের কপিরাইট আইন করার তাগিদ দিয়ে বলেন, এটি করা না গেলে দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়বে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী রফিকুল আলম অতিথি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কাজী শরীফুল আলম খান বাহাদুর আহ্ছানউল্লার ওপর সংক্ষিপ্ত বক্তব্য দেন।