ডিজিটাল বাংলাদেশ বিষয়টির মাধ্যমে দেশের অর্জন এবং ভালো কাজগুলোকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে। দেশের অর্জনগুলো তুলে ধরা গেলে যেমন উন্নতি বাড়বে তেমনি বিশ্বের দেশের ভালো একটি অবস্থান তুলে ধরা সহজ হবে। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় এক সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র তথ্যপ্রযুক্তি পেশাজীবী সজিব ওয়াজেদ জয় এ কথা বলেন। ‘বাংলাদেশের একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা (ডেভেলপিং এ পজেটিভ ইমেজ অব বাংলাদেশ)’ শীর্ষক এ সেমিনারে মূল প্রবন্ধ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার। বাংলাদেশের অর্জন এবং উল্লেখযোগ্য বিষয়গুলোকে কিভাবে বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরা যায় সে ব্যাপারে তার মত দেন। সেমিনারটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক এলাহী চৌধুরী। সজিব ওয়াজেদ বলেন, বিশ্বের কাছে আমাদের দেশের পরিচিতি একটি বন্যা, ঝড় এবং দরিদ্র দেশ হিসেবে। তবে এসব কাটিয়ে আমাদের যেসব অর্জন রয়েছে তা দেশের মানুষের একাগ্রতা আর ইচ্ছাশক্তির কারনেই সম্ভব হয়েছে। এখন প্রয়োজন আমাদের এসব উল্লেখযোগ্য অর্জনগুলোকে বিশ্বের মাঝে তুলে ধরা। বিদেশে আমাদের এখন ব্র্যান্ডিংয়ের কাজটি করতে হবে বলে সজীব ওয়াজেদ উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিষয়টির মাধ্যমে বিদেশে ব্র্যান্ডিংয়ের কাজটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে এ কাজটি অল্পদিনেই সম্ভব নয় তাই যে সরকারই ক্ষমতায় আসুক তাদের উচিত হবে এ কাজটিকে এগিয়ে নেওয়া। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রনালয়ের সচিব কামাল আবদুল নাসের ও সাংসদ আকরাম চৌধুরী। বক্তারা দেশের সামগ্রিক অর্জনের বিষয়গুলোকে তুলে ধরার ব্যাপারটির উপর জোর দেন। পাশাপাশি তথ্য অধিকার আইনের ব্যাপারটি বাস্তবায়নেরও কথা বলেন।